প্যারিস, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পেনশন সংস্কারের বিরুদ্ধে বৃহস্পতিবার আবারো নতুন করে ২৪ ঘণ্টার ধর্মঘটে অচল হয়ে পড়েছে ফ্রান্স।
প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির সরকারি চাকরিজীবীদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার পরিকল্পনার বিরুদ্ধে চলমান এ আন্দোলনে এর আগে ৭ সেপ্টেম্বর প্রায় ১০ লাখ মানুষ ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ করে। ধর্মঘটে অচল হয়ে পড়ে সারাদেশ।
কিন্তু সারকোজি তার পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্তে অটল থাকায় আরো জোরদার আন্দোলন শুরু করেছে সরকারি চাকরিজীবীদের ট্রেড ইউনিয়নগুলো।
বৃহস্পতিবার ধর্মঘট শুরুর আগে বুধবার সন্ধ্যা থেকেই ট্রেন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। ট্রেন স্টেশনগুলোতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাছাড়া, বিমান ও স্থানীয় যানবাহন চলাচলও এরমধ্যেই বাধাগ্রস্ত হয়েছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী প্যারিস ও অন্যান্য শহরগুলোর বিমান বন্দর থেকে ৫০ শতাংশ পর্যন্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান ও সব ধরনের সরকারি প্রতিষ্ঠানও ধর্মঘটে বন্ধ থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
৭ সেপ্টেম্বরের চেয়েও বেশি মানুষ বৃহস্পতিবারের ধর্মঘটে শামিল হওয়ার আশা করছে ধর্মঘট আহ্বানকারীরা।
ফ্রান্সের সরকারি চাকুরিজীবীদের ইউনিয়ন 'সিএফডিটি'র প্রধান ফ্রাঁসোয়া শেরেক বলেন, "আন্দোলনের ভবিষ্যৎ নির্ধারণে আন্দোলনকারীর সংখ্যা হবে সর্বোচ্চ।"
দেশটির বাজেট ঘাটতি কমাতে ২০১৮ সাল নাগাদ সরকারি চাকরিজীবীদের অবসর গ্রহণের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ করার পরিকল্পনা ইতোমধ্যেই পাশ করেছে পার্লামেন্টের নিুকক্ষ।
বিলটিতে সরকারি চাকরিজীবীদের পূর্ণ অবসর ভাতা গ্রহণের বয়স ৬৭ করারও পরিকল্পনা রয়েছে।
পেনশন সংস্কার বিলটি পার্লামেন্টের অনুমোদন নেওয়ার দায়িত্বে থাকা শ্রমমন্ত্রী এরিচ জুরিথ পরিকল্পনাটি বাস্তবায়নের অঙ্গীকার করে বুধবার সাংবাদিকদের বলেন, "আমরা সিদ্ধান্ত পরিবর্তন করিনি। অবসর গ্রহণের বয়স বাড়ানোয় আমরা অটল।"
সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি বলেন, "আপনারা যদি সংস্কার না করেন তাহলে আমরা ফ্রান্সের সরকারি চাকরিজীবীদের অবসর ভাতা দিতে পারবো না এবং স্বাভাবিকভাবেই এর পরিবর্তন ঘটবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ১৭০৮ ঘ.
bdnews24