ক্যানবেরা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী মাসে অনুষ্ঠিতব্য কমওয়েলথ গেমস সফলভাবে সম্পন্নে ভারতের সামর্থ্য নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। কিন্তু তারপরও অস্ট্রেলিয়া বুধবার জানিয়েছে, নির্ধারিত সময়েই এই আয়োজনের প্রস্তুতি শেষ হবে বলে তারা আস্থাশীল।
৩ অক্টোবর থেকে ভারতে কমনওয়েল গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নানা ধরনের সমস্যা ও নিরাপত্তা উদ্বেগ গেমসের আকর্ষণ অনেকটাই ফিকে করে তুলেছে।
এর সাথে যুক্ত হয়েছে একটি স্টেডিয়ামে ফুট ওভারব্রিজ ভেঙে পড়ার ঘটনা। মঙ্গলবারের ওই দুর্ঘটনায় ২৭ জন আহত হয়।
এ গেমসে ব্রিটেন ও তার সাবেক উপনিবেশগুলো থেকে ৮ হাজারেরও বেশি অ্যাথলেট অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী মার্ক আরবিব জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্নের বিষয়ে অস্ট্রেলিয়ার সরকার ও ক্রীড়া কর্মকর্তারা আশাবাদী।
অস্ট্রেলিয়ার কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন প্রধান পেরি ক্রোসহোয়াইটের সঙ্গে আরবিবের কথা হয়েছে। তারা উভয়েই মনে করেন, প্রায় ৬শ' কোটি ডলারের এই গেমস নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত।
অস্ট্রেলীয় বেতারকে আরবিব বলেন, অস্ট্রেলীয় অ্যাথলেট ও ভারতে ভ্রমণরতদের নিরাপত্তাকেই আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি।
২৭ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলীয় অ্যাথলেটরা ভারত যাওয়া শুরু করবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৩৫ঘ.
bdnews24