২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন-জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক অসম্ভব: চীন

সমুদ্রে সংঘর্ষের ঘটনা নিয়ে বিরোধের কারণে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক সম্ভব নয়। চীন মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2010, 11:45 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

বেইজিং, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমুদ্রে সংঘর্ষের ঘটনা নিয়ে বিরোধের কারণে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক সম্ভব নয়। চীন মঙ্গলবার একথা জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ মঙ্গলবার নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, "চীন-জাপান সম্পর্ক এর মধ্যেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিউ ইয়র্কে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও'র বৈঠক এ পরিস্থিতিতে 'সঠিক নয়'। এর আগে, রোববার টোকিও'র সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বন্ধ করে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জানায় বেইজিং। জাপানের নিরাপত্তা বাহিনীর হাতে আটক চীনা ট্রলার ক্যাপ্টেন ঝান কিজিয়োংয়ের আটকাদেশ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর জাপানি আদালতের সিদ্ধান্তের প্রতিবাদে চীন এ পদক্ষেপ নেয়। এ মাসের শুরুতে পূর্ব চীন সাগরের একটি দ্বীপের কাছে বিরোধপূর্ণ জলসীমায় জাপানি জাহাজের সঙ্গে চীনা মাছ ধরা ট্রলারের সংঘর্ষ হলে সবাইকে আটক করে জাপানি উপকূলরক্ষী বাহিনী। পরবর্তীতে ১৪ জনকে ছেড়ে দিলেও ক্যাপ্টেনকে ছাড়েনি জাপান কর্তৃপক্ষ। চীন বরাবরই আটক ক্যাপ্টেনের মুক্তি দাবি করে আসছে। জিয়াং উ বলেন, "আমরা আশা করি, জাপান উদ্ভূত পরিস্থিতি স্পষ্টভাবে বুঝবে এবং যত দ্রুত সম্ভব কোনো শর্ত ছাড়াই আটক ক্যাপ্টেনকে মুক্তি দেবে।" তিনি আরো বলেন, "সমস্যা সমাধানের চাবিকাঠি জাপানের হাতে।" ওদিকে, জাপান সরকারের এক ঊর্ধ্বতন মুখপাত্র দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাতিগত দ্বন্দ্ব উস্কিয়ে না দেওয়ার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। পূর্ব চীন সাগরের শেংকাকু দ্বীপপুঞ্জ (চীনারা বলে দিয়াওয়ু দ্বীপপুঞ্জ) নিয়ে দু'দেশের মধ্যে বিরোধ রয়েছে। দু'দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বিরোধ মীমাংসার আহ্বান জানিয়েছেন জাপানের অর্থমন্ত্রী। জাপানের মন্ত্রিপরিষদ বিষয়ক মূখ্য সচিব ইয়োশিতো সেঙ্গোকু এক সংবাদ সম্মেলনে বলেন, "চীন, জাপান ও অন্যান্য দেশের সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব হচ্ছে সংকীর্ণমনা ও উগ্র জাতীয়তাবাদ উস্কে না দেওয়া।" পূর্ব চীন সাগরের একটি মনুষ্যবসতিহীন দ্বীপপুঞ্জের কাছ থেকে ঐ ক্যাপ্টেনকে আটক করে জাপানের নিরাপত্তা বাহিনী। ক্যাপ্টেন ইচ্ছাকৃত ভাবে জাপানের টহল জাহাজকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ করেছে টোকিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৩৬ ঘ.