শ্রীনগর, ভারত, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কাশ্মিরে ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বাধীনতা আন্দোলন বন্ধে ভারত সরকারের পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বৈঠক বর্জন করেছেন বিচ্ছিন্নতাবাদী নেতারা।
ভারত-শাসিত কাশ্মীরে আন্দোলন বন্ধে নয়াদিল্লি থেকে সংসদীয় প্রতিনিধি দল বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে বৈঠক করতে সোমবারই শ্রীনগরে যান। দুই দশকের মধ্যে এই প্রথম সর্বদলীয় ভারতীয় প্রতিনিধি দল গেল কাশ্মীরে।
কিন্তু তাদের সঙ্গে বৈঠক প্রত্যাখ্যান করেছেন হুরিয়াত কনফারেন্স (এইচসি) এর কট্টরপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানি এবং জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিক।
বিচ্ছিন্নতাবাদী এ দুই নেতা রয়টার্সকে জানিয়েছেন, পুলিশ তাদেরকে গৃহবন্দী করে রেখেছে। তারা এর আগেও প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পাঠানো রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক অস্বীকৃতি জানিয়েছিলেন।
কাশ্মিরে বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য ওই নেতারা সমালোচিত হয়েছেন। এ গ্রীষ্মেই বিক্ষোভে কাশ্মিরে ১০০ জনের বেশি নিহত হয়েছে।
পুশিল গৃহবন্দীত্বের ব্যাপারটি নিশ্চিত করতে অস্বীকৃতি জানায়।
ওদিকে, সর্বদলীয় হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ ওমর ফারুক গৃহবন্দী হওয়ার কয়েকঘন্টা আগে রয়টার্সকে বলেছেন, আমরা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক না করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে একটি স্মারকলিপি পাঠানো হয়েছে।
এ স্মারকলিপিতে ফারুক লিখেছেন, "আপনারা সদিচ্ছা নিয়ে এখানে এলেও আপনাদের এ প্রচেষ্টা কেবল স্বল্প মেয়াদে সংকট সামাল দেওয়ার চেষ্টা বলেই আমরা এখন উদ্বিগ্ন।"
বিচ্ছিন্নতাবাদী নেতাদের বৈঠক বয়কটের মুখে ভারতীয় প্রতিনিধিদলের এমপি'রা এ পর্যন্ত কেবল ভারতপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠক করতে পেরেছেন।
তাছাড়া, জম্মু-কাশ্মীরের প্রধান বিরোধীদল মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)'র ১৪ জনের একটি প্রতিনিধিদল ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করতে রাজি হয়েছে।
তবে শ্রীনগর ছাড়ার আগে ভারতীয় প্রতিনিধিদল ওমর ফারুকের সঙ্গে কথা বলতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ওই দলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের নেতৃত্বে ৩৯ জনের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল শ্রীনগরে গেছেন। প্রতিনিধি দলের মধ্যে সুষমা স্বরাজ, অরুণ জেটলি, মুলায়ম সিং যাদব, টি আর বালু, রামবিলাস পাসোয়ান, শরদ যাদব, ই আহমেদ, গুরুদাস দাসগুপ্ত ও বাসুদেব আচার্য্যসহ অন্যান্যরা রয়েছেন।
আগামী দুই দিন জম্মু-কাশ্মিরের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই প্রতিনিধি দলের আলোচনা করার কথা রয়েছে। প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতেই কাশ্মীর নিয়ে পরবর্তী কৌশল নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
উল্লেখ্য, ২০ বছর আগে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী দেবীলালের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাশ্মীরে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৮ ঘ.
bdnews24