২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো উপসাগরে তেল নিঃসরণ বন্ধের চূড়ান্ত ঘোষণা

দীর্ঘ পাঁচমাস পর মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) তেলকূপ হতে তেল নিঃসরণ বন্ধ হলো। রোববার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বাজে এই তেল দুর্যোগের সমাপ্তির ঘোষণা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 04:00 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

হাউস্টন, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দীর্ঘ পাঁচমাস পর মেক্সিকো উপসাগরে ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) তেলকূপ হতে তেল নিঃসরণ বন্ধ হলো। রোববার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বাজে এই তেল দুর্যোগের সমাপ্তির ঘোষণা দেয়। মার্কিন সরকার নিশ্চিত করেছে, বিপি সমুদ্রের ১৮ হাজার ফুট গভীরে তেলকূপের ছিদ্র সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে বন্ধ করতে সক্ষম হয়েছে। তেলকূপটি দুর্ঘটনার শিকার হওয়ার প্রায় ১৫৩ দিন পর নিঃসরণ বন্ধ হলো। মার্কিন সরকারের পক্ষে বিষয়টি দেখভালের দায়িত্বে নিয়োজিত অবসরপ্রাপ্ত কোস্টগার্ড অ্যাডমিরাল থাড অ্যালেন এক বিবৃতিতে জানান, "মাকোন্দো ২৫২ তেলকূপটি কার্যকরভাবেই বন্ধ করা সম্ভব হয়েছে। কূপটি আর মেক্সিকো উপসাগরের জন্য কোনো হুমকি নয়।" এই তেল বিপর্যয়ে খানিকটা বেকায়দায় পড়া বারাক ওবামা এই সংবাদকে স্বাগত জানিয়েছেন। এই বিপর্যয়ের সফল সমাপ্তিকে ওবামা তার সরকারের একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। এক বিবৃতিতে ওবামা জানান, তেল দুর্যোগে উপসাগর যে মাত্রায় দূষিত হয়েছে তা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার দিকেই এখন প্রশাসনের দৃষ্টি। সেই সঙ্গে বিপর্যয়ের ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যথাযথ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৩১ঘ.