শ্রীনগর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত শাসিত কাশ্মীরে শনিবার কারফিউ ভঙ্গ করে নিহত এক বিক্ষোভকারীর শেষকৃত্যে যোগ দিতে রাস্তায় নেমে পড়া হাজার হাজার জনতার উদ্দেশ্যে চালানো পুলিশের গুলিতে তিনজন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
পুলিশ জানায়, শনিবারের এ সহিংসতায় ১২ পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
শোকার্ত জনতা দক্ষিণ কাশ্মীরে ভারতপন্থী এক রাজনীতিকের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করলে পুলিশ বাধ্য হয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে দাবি করেছেন পুলিশ কর্মকর্তারা।
তবে প্রত্যক্ষদর্শীরা পুলিশের এ বক্তব্য প্রত্যাখান করেছে।
সাহিল ভাট নামের এক প্রত্যক্ষদর্শী টেলিফোনে রয়টার্সকে বলেন, "পুলিশ বিনা উস্কানিতেই গুলি চালিয়েছে। আমরা
শান্তিপূর্ণভাবেই শ্লোগান দিয়ে দাফনের জন্য লাশ নিয়ে যাচ্ছিলাম।"
শুক্রবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আহত অন্য দুই বিক্ষোভকারীও শনিবার হাসপাতালে মারা যান।
কাশ্মীরের ভারত বিরোধী বিক্ষোভ গুরুত্বের সঙ্গে দেখছেন না বলে সমালোচনার মুখে এ সপ্তাহের শুরুতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের মিত্র ও বিরোধীদলগুলোর সঙ্গে কাশ্মীর পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে কেবল কাশ্মীরে রাজনীতিকদের একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
ভারত শাসিত কাশ্মীরের বেশিরভাগ অঞ্চলে ধর্মঘট ও বিক্ষোভের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিক্ষোভ সহিংসতা ঠেকাতে গত তিন মাস ধরে সেখানে কারফিউ জারি রয়েছে।
শনিবার কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের কিছু অংশে কারফিউ শিথিল করে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১০৫৪ ঘ.
bdnews24