এডিনবরা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, যুক্তরাজ্য সফরে তিনি সবার প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চান। এডিনবরার হলিরুড হাউসে রানী তাকে স্বাগত জানানোর পর একথা বলেন তিনি।
পোপ হিসেবে যুক্তরাজ্যে ২৮ বছরের মধ্যে বৃহস্পতিবার প্রথম সফর শুরু করেছেন বেনেডিক্ট। ৪ দিনের এ সফরে গেছেন তিনি।
এর আগে ১৯৮২ সালে পোপ দ্বিতীয় জন পল যুক্তরাজ্য সফর করেছিলেন।
এবার পোপ বেনেডিক্টের আগমনে তাকে দেখার জন্য সিটি সেন্টারের রাস্তায় ভিড় জমায় হাজার হাজার ভক্ত।
তবে পোপের সফরের বিরোধিতায় বিক্ষোভ করারও পরিকল্পনা ছিল কিছু মানুষের।
লন্ডনে যাওয়ার আগে গ্লাসগোয় এক প্রকাশ্য জনসমাবেশে যোগ দেবেন পোপ।
স্কটল্যান্ডের এডিনবরায় পৌঁছানোর পর ডিউক অব এডিনবরা ও ক্যাথলিক ধর্মীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান এবং স্কটল্যান্ডের রয়েল রেজিমেন্টের সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। সরকারের পক্ষ থেকে লর্ড প্যাটেনও তাকে স্বাগত জানান।
তার গাড়িবহর হলিরুড হাউসে পৌঁছালে পোপের সঙ্গে করমর্দন করে তাকে স্বাগত জানান রাণী এলিজাবেথ। তারপর তারা বাইরে সমবেত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন।
রানী বলেন, ক্যাথলিক ধর্মীয় মতবাদের সঙ্গে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের চার্চগুলোর সম্পর্ক আরো গভীর করার একটি বড় সুযোগ পোপের এ সফর। বিশ্বের দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তায় ভূমিকা রাখার জন্য তিনি ক্যাথলিক চার্চের প্রশংসা করেন।
পোপ বলেন, কেবল ক্যাথলিকদের জন্য নয়, বরং যুক্তরাজ্যের সবার প্রতি তিনি বন্ধুত্বের হাতবাড়িয়ে দিতে চান।
আগ্রাসী ভোগবাদ প্রতিহত করার জন্যও তিনি যুক্তরাজ্যকে আহ্বান জানান।
পোপ বেনেডিক্ট এমন সময় যুক্তরাজ্য সফর করছেন যখন বিশ্বে শিশু যৌন নিপীড়ন কেলেঙ্কারি সামলাতে হিমশিম খাচ্ছে ক্যাথলিক চার্চ।
ব্রিটেনে পৌঁছেই এ কেলেঙ্কারি প্রসঙ্গে পোপ বলেন, ক্যাথলিক ধর্মযাজকরা শিশু যৌন নিপীড়নের ব্যাপারে যথেষ্ট সচেতন নন।
এ কেলেঙ্কারি সম্পর্কে স্পষ্ট মন্তব্যে তিনি বলেছেন, এ ঘটনায় তিনি মর্মাহত।
শিশু যৌন কেলেঙ্কারির বিরুদ্ধে অবিলম্বে সময়োচিত ব্যবস্থা নিতে ক্যাথলিক চার্চের ব্যর্থতার দায় স্বীকার করেন পোপ। তিনি বলেন, এখন যৌন অপব্যবহারের শিকার শিশুদের দিকটিকেই ক্যার্থলিক চার্চ সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/এলকিউ/১৮৫০ ঘ.
bdnews24