২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ ঢাকা বোরখা নিষিদ্ধ করল ফ্রান্স

ফ্রান্সের পার্লামেন্ট মুখ ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করে মঙ্গলবার একটি আইন পাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

প্যারিস, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ফ্রান্সের পার্লামেন্ট মুখ ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করে মঙ্গলবার একটি আইন পাশ করেছে। আইনানুয়ায়ী ফ্রান্সের রাস্তা ঘাটে, জনগুরুত্বপর্ণ এলাকা বা সভাসমাবেশে কেউ মুখাবরণ ব্যবহার করতে পারবে না। এ আইন ভঙ্গের শাস্তি হবে ১৫০ ইউরো জরিমানা। কিংবা অভিযুক্তকে ফ্রান্সের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে বিশেষ শিক্ষা নিতে বাধ্য করা হবে। বোরখা নিষিদ্ধের এ আইনটি ফ্রান্সের সাংবিধানিক পরিষদে তোলা হবে। সেখানে এ আইন কোনো আপত্তির মুখে না পড়লে এটি কার্যকর হবে ২০১১ সালের শুরুর দিকে। আইনের কোথাও ইসলাম ধর্মের কথা বলা হয়নি। তবে সারকোজি সরকার যুক্তি দেখিয়ে বলেছে, মুসলিম নারীদেরকে মুখ ঢাকা বোরখা পরতে বাধ্য হওয়া থেকে রক্ষা করতে এ আইনের প্রয়োজন রয়েছে। ফলে এ আইনে কোনো পুরুষ তার স্ত্রীকে বোরখা পরতে বাধ্য করতে পারবে না। তা করলে এর শাস্তি হতে পারে ৩০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা অথবা ১ বছরের কারাদণ্ড। আইনটির বিরুদ্ধে ইতোমধ্যেই আপত্তি তুলেছে ফ্রান্সের মুসলিম সংগঠনগুলো। এ আইন ফ্রান্স এবং ইউরোপীয় মানবাধিকার আইন পরিপন্থী বলে মত প্রকাশ করেছেন বিরোধীদের অনেকেই। ফ্রান্সের মতো বেলজিয়াম, স্পেন এবং ইতালিও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। সূত্র: ডয়চে ভেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪১ ঘ.