সিউল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই কোরিয়ার পুনরেকত্রীকরণে খরচ পড়তে পারে প্রায় ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। কোরীয় শিল্পকারখানা ফেডারেশন মঙ্গলবার একথা জানিয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া দু'ভাগে বিভক্ত হয়ে আছে।
আগামী পাঁচ বছরের মধ্যে দুই কোরিয়ার পুনরেকত্রীকরণের আশা প্রকাশ করেছে ফেডারেশনের জরিপ চালানো ২০ জনের একজন অর্থনীতিবিদ। তবে জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেকাংশই বলেছে, পুনরেকত্রীকরণে ১০ থেকে ২০ বছর সময় লাগতে পারে।
তারা আরো বলেছে, পুনরেকত্রীকরণে সবচেয়ে বড় খরচ হবে ধনী দক্ষিণ কোরিয়ার সঙ্গে দরিদ্র উত্তর কোরিয়ার সম্পদের ব্যবধান কমাতে।
ফেডারেশনের প্রতিবেদনে বলা হয়েছে, "প্রাথমিক পর্যায়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ খরচের তুলনায় দীর্ঘমেয়াদে দু'দেশের সম্পদের ব্যবধান কমাতেই খরচ হবে বেশি।"
দক্ষিণ কোরিয়ার মানুষের মাথাপিছু বার্ষিক আয় ১৯ হাজার ২৩০ মার্কিন ডলার। অপরদিকে ২০০৮ সালে উত্তর কোরিয়ার আয় ছিল বার্ষিক ১ হাজার ৬৫ মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
খরচ নিয়ে উদ্বেগের কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক গত মাসে 'পুনরেকত্রীকরণ কর' এর প্রস্তাব করেছিলেন।
তবে জরিপে বলা হয়েছে, স্বল্প মেয়াদে কোরিয়ার অর্থনীতি বড় ধরনের ধাক্কা খাবে। কিন্তু দীর্ঘমেয়াদে দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ সুফল বয়ে আনবে।
১৯৫০-৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধবিরতি হলেও কোনো শান্তি চুক্তি না হওয়ায় দুই কোরিয়া এখনো এক ধরনের যুদ্ধের মধ্যেই আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৪২ঘ.
bdnews24