সিউল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরীয় নেতা কিম জং-ইলের স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ক্ষমতাসীন দলের সম্মেলন পিছিয়ে দেওয়া হয়েছে।
তবে দক্ষিণ কোরিয়ার ওয়াইটিএন টেলিভিশনে সোমবার বলা হয়েছে, কিম জং ইলের অবস্থা অতটা খারাপ নয় যে সে কারণে সম্মেলন বাতিল করতে হবে।
ওয়াইটিএন টেলিভিশন জানায়, ক্ষমতাসীন 'দ্য ওয়ার্কার্স পার্টি' (ডব্লিওপিকে) দলটির নতুন নেতা নির্বাচিত করার জন্য ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো সম্মেলন আহ্বান করেছে। নেতা কিমের স্বাস্থ্য ক্রমাবনতির কারণে দলটির নতুন নেতা মনোনয়ন জরুরি হয়ে পড়েছে।
কিমের ছোট ছেলেকে দলের পরবর্তী নেতা নির্বাচিত করা হবে বলে ধারণা করা হচ্ছে।
২০০৮ সালে কিম (৬৮) এর একবার স্ট্রোক হয় বলে অনুমান করা হয়। এরপর ২০০৯ সালের আগে তিনি জনসম্মুখের আড়ালে ছিলেন। কয়েকমাস আগে চীন সফরের সময়ও তাকে শারীরিকভাবে অনেক দুর্বল মনে হয়েছে।
দক্ষিণ কোরিয়ার এক গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল ওয়াইটিএন জানায়, গত মাসে পাঁচদিন চীন সফরের পর থেকে কিমের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
ওই সূত্রের বরাত দিয়ে আরো জানানো হয়, সম্মেলন বাতিল করার মতো শারীরিক অবনতি কিমের হয়নি। শিগগিরই সম্মেলন শুরু হবে।
১৫ সেপ্টেম্বরের আগে সম্মেলন শুরুর কথা।
দক্ষিণ কোরিয়ার পুনঃরেকত্রিতকরণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিভিশন প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২০৪ঘ.
bdnews24