মেহমুদ কোট, পাকিস্তান, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছোট ও ভগ্নপ্রায় একটি মসজিদে শনিবার ঈদের নামাজ আদায় করতে পেরে পাকিস্তানের মোহাম্মদ সাদিক ফিরে পেয়েছেন মনের দৃঢ়তা, জীবনকে নতুন করে গড়ার উদ্দীপনা। লাখ লাখ বন্যা দুর্গত পাকিস্তানিদের মধ্যে সাদিক একজন।
পাকিস্তানের স্মরণকালের ভয়াবহ বন্যায় লাল লাখ লোক বাস্তুহারা হয়েছে, বিপর্যস্ত হয়ে উঠেছে তাদের জীবন।
শ্রমজীবী সাদিক বলেছেন, "আমরা বন্যায় সবকিছুই হারিয়েছি। আমাদের বাড়ি-ঘর, গবাদি পশু এবং যা সম্পদ আছে সব। কিন্তু আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করার জন্য আজো বেঁচে আছি।"
"এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ।"
সাদিকের বিশ্বাস, রমজানের বরকতে আবার সুখ ফিরে আসবে।
সাদিকের সঙ্গে কথা বলার সময় মসসিজের বাইরে তার অনেক প্রতিবেশীই ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য কোলাকুলি করছিল।
দোকানদার আবদুল জব্বার বললেন, "আমরা আত্মবিশ্বাসী যে, সুদিন দ্রুতই ফিরে আসবে।" তিনি ওই একই মসজিদে নামাজ আদায় করেছেন।
প্রায় ৬ সপ্তাহ আগে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে ১ হাজার ৭৫০ জনের বেশি লোক প্রাণ হারায়। এছাড়া অবকাঠামো ও কৃষি খাতে প্রায় ৪৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষয়-ক্ষতি হয়েছে।
পাকিস্তানের অনেক অঞ্চলেই বন্যার পানি নামতে শুরু করেছে। কিন্তু লাখ লাখ লোক এখনো আশ্রয় শিবিরে বাস করছে। তারা হারিয়েছে তাদের বাড়ি-ঘর এবং জীবীকার শেষ অবলম্বনটুকু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এইচএ/২০৩৫ ঘ.
bdnews24