ক্যানবেরা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড শনিবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। নতুন মন্ত্রিসভায় 'ট্রেজারি' মন্ত্রী পদে বহাল রয়েছেন ওয়েনি সওয়ান এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক জলবায়ূ মন্ত্রী পেনি ওং।
সম্পদ ও জ্বালানি মন্ত্রীর গুরুত্বপূর্ণ পদেও গিলার্ড বহাল রেখেছেন মার্টিন ফার্গুসনকে। উল্লেখ্য, গিলার্ডের নেতৃত্বাধীন লেবার পার্টির নির্বাচনী ইশতেহার অনুযায়ী লৌহ ও কয়লা খনির মুনাফায় ৩০ ভাগ কর আরোপ করার পরিকল্পনা বাস্তবায়নের গুরুদায়িত্ব পালন করতে হবে তাকে।
বিবিসি জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথকে দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।
এছাড়া, সাবেক ইউনিয়ন নেতা গ্রেগ কমবেটকে ওংয়ের স্থলে জলবায়ূ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে এবং এন্থনি আলবানিস পেয়েছেন পরিবহণ ও অবকাঠামো মন্ত্রণালয়ের দায়িত্ব।
গিলার্ড মেলবোর্নে সাংবাদিকদের বলেন, "বর্তমান মন্ত্রিসভা অর্থনৈতিক ব্যাবস্থাপনা ও চাকরির বাজার তৈরির ওপর জোর দেওয়া অব্যাহত রাখবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএমটি/২০০০ ঘ.
bdnews24