২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএইএ বোর্ডের চেয়ারম্যান হতে পারে পাকিস্তান

জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গভর্নর বোর্ডের পরবর্তী প্রধান হতে পারে পাকিস্তান। যদিও দেশটি বিশ্ব পরমাণু অস্ত্র বিরোধী চুক্তিতে সই করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2010, 05:34 PM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ভিয়েনা, ০৯ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) গভর্নর বোর্ডের পরবর্তী প্রধান হতে পারে পাকিস্তান। যদিও দেশটি বিশ্ব পরমাণু অস্ত্র বিরোধী চুক্তিতে সই করেনি। কূটনীতিকরা একথা বলেছেন। এক পশ্চিমা কূটনীতিক বলেছেন, আইএইএ'র চেয়ারম্যান পদের জন্য পাকিস্তানকে বেছে নেয়া ঠিক নয়। কারণ ভারত, দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলের মত পাকিস্তানও ১৯৭০ সালে প্রণীত পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এড়িয়ে গেছে। অথচ এ চুক্তিই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)র কার্যাবলীর মূল নীতি। কিন্তু মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার সদস্য রাষ্ট্রগুলোর মনোনীত দেশের বিরোধিতা পশ্চিমা দেশগুলো করবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, পাকিস্তান দীর্ঘদিন ধরে ভিয়েনা ভিত্তিক আইএইএ বোর্ড অব গভর্নরস এর সদস্য এবং এর মনোয়ন বিধিমালা অনুযায়ীই হবে। একজন ইউরোপীয় কূটনীতিক বলেছেন, "লোকজন বিষয়টি নিয়ে কথা বলছে। কিন্তু আমি মনে করি না এতে কিছু হবে। এমন কোন নিয়ম নেই যে, অনানুষ্ঠানিক কোনো পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ আইএইএ'র চেয়ারম্যান হতে পারবে না।" আইএইএ'র চেয়াম্যান পদটি একবছর পরপর পালাক্রমে বদল হয়। সদস্যরা নিজ নিজ মনোনয়ন ঠিক করে জানায়। তারপর আইএইএ-৩৫ জাতি বোর্ড এ মনোনয়ন নিয়ে বিতর্ক অনুষ্ঠানের পর চেয়ারম্যান নির্বাচনে সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছে। ফলে এ পদ্ধতিতে জাতিসংঘের পরমাণু নীতির ব্যাপারে ব্যক্তিগত ক্ষমতার অধিকারী হওয়ার সুযোগ নেই পাকিস্তানের। তাছাড়া, অন্যান্য আইএইএ সদস্য রাষ্ট্রগুলোও বোর্ড মিটিংয়ে চেয়াম্যান পদে পাকিস্তানকে প্রত্যাখ্যান করতে পারে। তবে সে সম্ভাবনা কম বলেই মনে করছেন কূটনীতিকরা। সম্প্রতি মালয়েশিয়া আইএইএ বোর্ডের চেয়ারম্যান পদে আছে। ওই পশ্চিমা কূটনীতিক বলেন, তারা আদর্শ বোর্ড চেয়ারম্যান না। কিন্তু বিষয়টি নিয়ে আপত্তি তোলাটাও এখন সম্ভব না। কারণ এতে করে বোর্ডের রীতিমাফিক বাছাই পক্রিয়া ক্ষুন্ন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩২৩ ঘ.