২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আরো আত্মঘাতী হামলার হুমকি তালেবানের

পাকিস্তানের তালেবানরা মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর ওপর এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে আরো আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2010, 02:19 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

মিরানশাহ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের তালেবানরা মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর ওপর এবং বিভিন্ন সরকারি কার্যালয়ে আরো আত্মঘাতী হামলা চালানোর হুমকি দিয়েছে। বন্যা সামলাতে হিমশিম পাকিস্তান কর্তৃপক্ষ এ হুমকিতে নতুন করে আরেকটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। পাকিস্তানে ইতোমধ্যেই কয়েকদফা আত্মঘাতী তালেবান জঙ্গি হামলায় প্রায় ১২০ জন নিহত হয়েছে। বন্যার এ সময়টিতে মাত্র ১ মাস শান্ত থাকার পর তালেবানরা গত সপ্তাহ থেকে সরকারের পতন ঘটাতে রক্তক্ষয়ী তৎপরতা শুরু করেছে। সোমবার উত্তরপশ্চিমের লাক্কি মারওয়াত শহরে সর্বশেষ আত্মঘাতী হামলায় ১৯ জন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে তালেবানরা। কিন্তু এটাই শেষ নয়। এরপর আরো হামলা চলবে বলে জানিয়েছে তারা। আদিবাসী এলাকাগুলোতে তালেবান যোদ্ধাদের ওপর মার্কিন চালক বিহীন বিমান হামলার জবাবে এ হামলা চলবে। তালেবান মুখপাত্র আজিম তারিক গোপন স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমেরিকানরা পাকিস্তানের অনুমতিতে ড্রোন হামলা চালাচ্ছে। আমরা নিরাপত্তা বহিনী, পুলিশ ও সরকারি কার্যালয়গুলোতে আত্মঘাতী হামলা চালিয়ে এর জবাব দেব।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০০ ঘ.