২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সুষ্ঠু নির্বাচন নিয়ে আশঙ্কা

তালেবানের সহিংসতার হুমকি, ভোট কেন্দ্র বন্ধ এবং জালিয়াতির হাতছানি আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে আশঙ্কার জাল বুনেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2010, 03:16 PM

Updated : 25 Aug 2022, 06:35 PM

কাবুল, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-তালেবানের সহিংসতার হুমকি, ভোট কেন্দ্র বন্ধ এবং জালিয়াতির হাতছানি আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে আশঙ্কার জাল বুনেছে। এমনই সতর্কবার্তা দিয়েছেন নির্বাচনী পর্যবেক্ষকরা। জাতিসংঘ সমর্থিত নির্বাচনী অভিযোগ কমিশন বলেছে, সরকারি কর্মকর্তারা তাদের পছন্দের প্রার্থীকে বাড়তি সুযোগ সুবিধা দেবে বলে এরমধ্যেই জনগণের পক্ষ থেকে তাদের কাছে ১ হাজার ৫ শ' ৩টি অভিযোগ এসেছে। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বলক্ষণ দেখা যাচ্ছে না বলে জানান তারা। আজিজুল্লাহ নামের কাবুলের এক সরকারি কর্মকর্তা বলেন, "পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। অনেক রাজনীতিক কেবল নিজেদের স্বার্থে কাজ করছে এবং টাকা পয়সার মালিক হচ্ছে।" তিনি বলেন, "আমি ভোট দেব না। কারণ সরকার, পার্লামেন্ট এবং বর্তমান পরিস্থিতিতে অনুষ্ঠেয় এ নির্বাচনের ওপর আমি আস্থা হারিয়ে ফেলেছি।" আফগানিস্তানের স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এ নির্বাচনকে একটি 'গুরুত্বপূর্ণ পরীক্ষা' হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামী ডিসেম্বরে আফগান যুদ্ধকৌশল পুনর্বিবেচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তখন দেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে আগামী জুলাইয়ে সেখান থেকে সেনা প্রত্যাহার শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। আফগান সরকারের নিযুক্ত স্বাধীন নির্বাচন কমিশন বলেছে, ভোট গ্রহণের চার দিন পর নির্বাচনের প্রাথমিক ফলাফল জানা যাবে। তবে নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে ৩১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। চূড়ান্ত ফলাফল প্রকাশের আগের সময়টিতে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানায় কমিশন। আফগানিস্তানের 'লয়া জিরগা' বা পার্লামেন্টের নিুকক্ষের ২ শ' ৪৯ আসনের বিপরীতে ২ হাজার ৫০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও জানায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/টিআর/২১০৯ ঘ.