গুয়েতেমালা সিটি, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গুয়েতেমালায় ভূমিধসে চাপা পড়াদের উদ্ধার করতে গিয়ে রোববার মাটি চাপা পড়াদের কমপক্ষে ২২ জন নিহত হয়েছে । এ ঘটনায় আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ২২টি লাশ উদ্ধার করেছে। তবে আটকে পড়া সবাইকে উদ্ধার করতে দুই দিন সময় লাগতে পারে বলে জানায় তারা।
দেশটির দমকল বিভাগের মুখপাত্র সার্র্জিও ভাসকুয়েজ বলেন, "ভূমিধসে একটি বাস চাপা পড়লে স্থানীয় শতাধিক মানুষ নিজেদের উদ্যোগে আটকে পড়াদের উদ্ধার করতে যায়। তখন আরেকবার ভূমিধস ঘটলে তারাও চাপা পড়ে।"
উদ্ধারকর্মীরা বেলচা ও শাবল দিয়ে মাটি খুড়ে ভূ পৃষ্ঠের অনেক গভীর থেকে মৃতদেহগুলো বের করে।
প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার উৎপরতা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।
গুয়াতেমালার প্রেসিডেন্ট আলভারো কলোম এক সাংবাদিক সম্মেলনে বলেন, "এটা একটা জাতীয় দুর্যোগ। এটা দুঃখজনক যে, গরীব মানুষদের এ জাতীয় দুর্যোগের মাশুল দিতে হচ্ছে।"
তাছাড়া প্রায় ১২ হাজার মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে শনিবার আরো একটি বাস চাপা পড়ে ১২ জনের মৃত্যুসহ পৃথক পৃথক ঘটনায় আরো ছয়জন মারা গেছে।
ওদিকে, আন্তঃআমেরিকা মহাসড়কে ৩০টিরও বেশি এলাকায় ভূমি ধসে পড়েছে। এতে গুয়েতেমালার প্রধান সড়কের একটি বন্ধ হয়ে আছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
রোববার ও সোমবার আরো বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জরুরি সেবাদান বিভাগের কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন।
গত মে মাসে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় 'আগাথা' সেন্ট্রাল আমেরিকায় আঘাত হানলে গুয়েতেমালায় ভূমিধসে ১ শ' ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১১ ঘ.
bdnews24