২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইন যৌনকর্মী চেয়ে বিপাকে ডাচ কোম্পানি

শিক্ষার্থীদের তথ্যনির্দেশিকায় অনলাইন যৌনকর্মী চেয়ে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করে বিপাকে পড়েছে নেদারল্যান্ডের একটি কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 06:34 PM

আমস্টারডাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শিক্ষার্থীদের তথ্যনির্দেশিকায় অনলাইন যৌনকর্মী চেয়ে চাকরির বিজ্ঞাপন প্রকাশ করে বিপাকে পড়েছে নেদারল্যান্ডের একটি কোম্পানি। 'মিডিয়াডাম বিভি' নামে ওই কোম্পানির বিজ্ঞাপনটি নবীন ছাত্রদের জন্য প্রকাশিত ওই নির্দেশিকায় ছাপা হওয়ায় এই জটিলতা দেখা দেয়। ইতোমধ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কোম্পানিটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। ওয়েব ক্যামেরার সামনে যৌন কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জনের প্রস্তাব দেওয়া হয় ওই বিজ্ঞাপনের মাধ্যমে। নেদারল্যান্ডের লেইডেন বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ববিদ্যালয়টি মিডিয়াডাম বিভি'র বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং প্রয়োজনীয় আরো ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও তারা নিয়েছে। সংবাদ সংস্থা এএনপি মঙ্গলবার জানিয়েছে, কমপক্ষে আরো দুটি কলেজ কোম্পানিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেবে। মিডিয়াডামের পরিচালক এএনপিকে জানিয়েছে, কোম্পানি তার ভুল বুঝতে পেরে তা স্বীকার করে নিচ্ছে। তবে তারা ভাবতেও পারেনি যে এই নির্দেশিকাটি অপ্রাপ্তবয়স্কদের মাঝে বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৬৩৩ঘ.