আফগানিস্তান, সেপ্টেম্বের ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর বিমান হামলায় নির্বাচনী প্রচারাভিযানের ১০ কর্মী নিহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।
আফগান প্রেসিডেন্টের ভবন থেকে পাঠানো এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, "ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের প্রেসিডেন্ট এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।"
বিবৃতিতে আরো বলা হয়, "আফগানিস্তানের গ্রামে বিমান থেকে বোমা ছুড়ে কেবল বেসামরিক জনগণকে হত্যা করা যাবে। কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তা কোনো কার্যকর ভূমিকা রাখবে না।"
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশে বৃহস্পতিবার সকালে ন্যাটোর বিমান হামলায় ১০ আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
তাজিকিস্তানের সীমান্তবর্তী তাখারের প্রাদেশিক সরকারেরর মুখপাত্র ফাইয়াজ মোহাম্মদ তৌহিদি জানিয়েছেন, তাখার প্রদেশের রোসতাক জেলায় এ বিমান হামলা ঘটেছে।
প্র্াথমিকভাবে তৌহিদি বলেন, এ হামলায় ছয় জন নিহত হয়েছেন।
তবে পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে বলে তিনি জানান।
আগামী ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী আব্দুল ওয়াহিদ ও তার কিছু সমর্থক বিমান হামলায় আহত হয়েছে বলেও তিনি জানান।
ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রি রবার্ট গেটস আফগানিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠকে মিলিত হতে বৃহস্পতিবার কাবুলে পৌঁছেছেন।
ইরাকে যুক্তরাষ্ট্রের যুদ্ধাভিযান শেষের অনুষ্ঠানে যোদ দেওয়ার পর গেটস সেখান থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে যান।
তিনি সেখানে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ছাড়াও আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল ডেভিড পেট্রাউস ও কাবুলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত কার্ল এইকেনবেরির সঙ্গে সাক্ষাৎ করবেন। তাছাড়া মার্কিন সেনা ঘাঁটিও পরিদর্শন করবেন তিনি।
আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে।
ওদিকে, ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসটেন্স ফোর্সের (আইএসএএফ) এক মুখপাত্র বলেছেন, বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।
তিনি বলেন, "আমরা এখন অভিযোগগুলোর বিষয়ে অবগত এবং ঐ অঞ্চলে যেসব অভিযান পরিচালনা করা হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।"
ন্যাটো বাহিনী দাবি করে তারা জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।
সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন হুমকির মুখে পড়েছে। গত কয়েক সপ্তাহে ৪ জন নির্বাচনী প্রার্থী ছাড়াও আরো ১৩ জন নির্বাচনী প্রচারাভিযান কর্মী নিহত হয়েছেন।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় ২০১০ সালের প্রথম ছয় মাসে আফগানিস্তানে বেসামরিক নাগরিক নিহত হওয়ার হার ৩১ শতাংশ বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২০১০ ঘ.
bdnews24