ওয়াশিংটন, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শান্তি আলোচনায় জেরুজালেমের কিছু অংশ ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করতে ইচ্ছুক ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বুধবার একথা বলেছেন।
ওয়াশিংটনে ইসরায়েল-ফিলিস্তিন সরাসরি শান্তি আলোচনা শুরুর আগমুহূর্তে বারাক এ ইঙ্গিত দিলেন।
ইসরায়েলের হারেৎজ পত্রিকায় বারাক বলেন, পশ্চিম জেরুজালেম এবং আশেপাশের ২ লাখ জনবসতিপূর্ণ ১২ টি ইহুদি এলাকা ইসরায়েলের থাকবে।
আর পূর্ব জেরুজালেমের আরব অংশ, যেখানে প্রায় আড়াই লাখ ফিলিস্তিনির বাস, তা ফিলিস্তিনিদের দিয়ে দেওয়া হবে।
ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসাবে চায়।
কিন্তু ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের দখল করা জেরুজালেমের পূর্বাঞ্চলীয় আরব অংশ ছাড় দেওয়ার প্রশ্নে তীব্র বাধার সম্মুখীন হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুু।
তাছাড়া, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে বিরোধের মূলেও রয়েছে জেরুজালেমকে ভাগ করার বিষয়টি।
দু'পক্ষই জেরুজালেমকে নিজ নিজ রাষ্ট্রের রাজধানী করার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন থেকে।
বিরোধপূর্ণ এ ইস্যুতে এখন জেরুজালেমকে ভাগ করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিরল মন্তব্য করলেন বারাক।
তার এ মন্তব্য খুব সম্ভবত ফিলিস্তিনিদের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তিতে পবিত্র নগরী জেরুজালেমকে ভাগ করার নেতানিয়াহুর আগ্রহেরই আভাস।
বারাক জেরুজালেম ছাড় দেওয়ার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি পশ্চিম তীরে চার ইসরায়েলি নাগরিককে হত্যার ঘটনা শান্তি আলোচনা ব্যাহত করবে না বলেও আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০২০ ঘ.
bdnews24