সিউল, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ায় মনোনীত নতুন প্রধানমন্ত্রী কিম তায়ে-হো রোববার প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার যোগ্যতা ও নৈতিক মূল্যবোধ নিয়ে বিরোধী দলের সমালোচনা ও চাপের মুখে তিনি এ ঘোষণা দিলেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়ুং বাক এ মাসে গ্রামীণ একটি প্রদেশের সাবেক গভর্নর ৪৭ বছর বয়সী কিম তায়ে হো কে প্রধানমন্ত্রী পদে তার পছন্দের প্রার্থী হিসেবে মনোনীত করেন। লি এ মাসে তার বাণিজ্যমুখী সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে মন্ত্রিসভায় ব্যাপক রদবদলের আওতায় এ পদক্ষেপ নেন।
পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, ২০১২ সালের নির্বাচনে ক্ষমতায় ধরে রাখতে ক্ষমতাসীন গ্র্যান্ড ন্যাশনাল পার্টি (জিএনপি) কিমকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রস্তুত করছে।
সিউলে এক সংবাদ সম্মেলনে কিম বলেন, "প্রেসিডেন্টের শাসন পরিচালনায় আমার কোনো সমস্যা হয়ে দাঁড়ানো উচিত নয়। আর এ কারণেই আমি প্রধানমন্ত্রীর প্রার্থীতা থেকে পদত্যাগ করেছি।"
তিনি আরো বলেন, "মনোনয়ন চূড়ান্তকরণ প্রক্রিয়ার সময় আমি আন্তরিকভাবে আমার ত্র"টি বিচ্যুতির কথা স্বীকার করেছি। তবে কিছু অভিযোগ ঠিক নয় বলে আমার মনে হয়েছে। আর এগুলো আমার যথার্থতার অভাবে হয়েছে বলে আমি মেনে নিচ্ছি।"
নেতা হিসেবে কিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে দক্ষিণ কোরিয়ার প্রধান বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৫৭ ঘ.
bdnews24