দামেস্ক, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হামাস নেতা খালেদ মেশাল মঙ্গলবার বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা ফিলিস্তিনিদের জন্য একটি বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
সিরিয়ার রাজধানী দামেস্কে মেশাল বলেন, ইসরায়েলের সামনে দাড়ানো বা তাদের সঙ্গে দর কষাকষির মত ক্ষমতা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেই।
আগামী ২ সেপ্টেম্বর ওয়াশিংটনে এই শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
মেশাল আরো বলেন, "আলোচনা সফল হলেও তাতে ইসরায়েলেরই স্বার্থ রক্ষা হবে এবং ফিলিস্তিনি দাবিগুলো পূরণ হবে না। ইসরায়েল ১৯৬৭ সালে অধিকৃত ভূমির কিছু অংশ ফেরত দেবে। কিন্তু তারা তাদের স্বার্থ রক্ষা করেই সীমানা নির্ধারণ করবে যার মাধ্যমে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হবে।"
কয়েকজন ফিলিস্তিনি নেতার মত হামাসের এ নেতাও সিরিয়ায় নির্বাসনে আছেন।
গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস দীর্ঘ দিন ধরেই মাহমুদ আব্বাসের আলোচনা কৌশলের সমালোচনা করে আসছে।
তবে হামাস বলেছে, ফিলিস্তিনিদের অধিকার মেনে নিলে ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় তাদের আপত্তি নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২৩৭ঘ.
bdnews24