২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাথায় গুলি নিয়ে ৫ বছর...

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ বছর নিজের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন জার্মানিতে বসবাসরত এক পোলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2010, 05:04 AM

Updated : 25 Aug 2022, 06:31 PM

বার্লিন, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাঁচ বছর নিজের স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন জার্মানিতে বসবাসরত এক পোলিশ। পাঁচ বছর আগে মাতাল অবস্থায় ৩৫ বছর বয়স্ক ওই ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হন। আর সে কারণেই তিনি বিষয়টি বুঝতে পারেননি। জার্মানির পশ্চিমাঞ্চলের শহর বোচামের পুলিশ মঙ্গলবার জানিয়েছে, চিকিৎসকরা ওই ব্যক্তির মাথায় দশমিক ২২ ক্যালিবারের বুলেটটি খুঁজে পেয়েছে। পুলিশের এক মুখপাত্র জানায়, ২০০৪ অথবা ২০০৫ সালে নববর্ষের এক পার্টিতে প্রায় মধ্যরাতে তিনি মাথায় একটি আঘাত পেয়েছিলেন বলে জানান। তবে মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে পরে তিনি মাথায় আঘাতের কথা ভুলে যান। ওই মুখপাত্র বলেন, "তিনি মাথায় ব্যথা পেয়েছিলেন তবে তা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার মতো বিষয় বলে তার মনে হয়নি।" পুলিশ আরো জানিয়েছে, নববর্ষ উদযাপনের জন্য আকাশে ছোঁড়া গুলি তার মাথায় লেগে থাকতে পারে। শুক্রবার হাসপাতালে ওই ব্যক্তির মাথা থেকে বুলেট অপসারণ করা হয়েছে। চলতি সপ্তার শেষে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। তিনি জার্মানির হের্নে বসবাস করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১০০ব.