মিরানশাহ, পাকিস্তান, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানে সোমবার চালকবিহীন মার্কিন বিমানের ক্ষেপণাস্ত্র হামলায় ২০ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ১৩ জন জঙ্গি। বাকি ৭ জন সাধারণ নাগরিক বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা কর্মকর্তারা।
গোয়েন্দা কর্মকর্তারা জানায়, জঙ্গিদের গোপন আস্তানা লক্ষ করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিহত জঙ্গিদের অধিকাংশই আফগান তালেবান। তবে এতে ৩ শিশুসহ ৪ জন নারীও নিহত হয়েছে।
কর্মকর্তারা আরো জানান, "জঙ্গিদের আস্তানার চত্ত্বরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে আস্তানার কাছেই একটি বাড়ি ছিল। আমরা নিশ্চিত হয়েছি এ হামলায় ২০ জন নিহত হয়েছে।"
অপর এক কর্মকর্তা জানান, আফগানিস্তানে বিদেশি বাহিনীর বিরুদ্ধে সক্রিয় লড়াই চালাচ্ছে আল কায়েদাপন্থী হাক্কানি গোষ্ঠী। তারা গোপন আস্তানা হিসেবে চারদিক ঘেরা এই স্থানটি ব্যবহার করতো।
যুক্তরাষ্ট্র তার মিত্র পাকিস্তানকে আফগান তালেবানদের বিরুদ্ধে কঠোর অভিযানের জন্য চাপ দিয়ে যাচ্ছে। কেননা তালেবান জঙ্গিরা সীমান্ত পেরিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ওপর প্রায়ই হামলা চালায়।
মার্কিন কর্মকর্তাদের অভিমত, চালকবিহীন বিমান জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে খুবই কার্যকর অস্ত্র। কিন্তু সাধারণ মানুষের হতাহতের ঘটনায় পাকিস্তানিরা ক্ষুদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪৫৭ঘ.
bdnews24