বেইজিং, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখতে চীনে রাজনৈতিক সংস্কার প্রয়োজন। প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও শেনঝেন শহর সফরকালে একথা বলেছেন।
রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া একথা জানিয়েছে।
ওয়েনের রাজনৈতিক সংস্কারের আহ্বানে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। তবে তার মন্তব্যে এ উদ্বেগ প্রকাশ পেয়েছে যে, ক্ষমতাসীন দল সরকারি কর্মকর্তাদের আরো জবাবদিহিতা নিশ্চিত করতে কিছু সংস্কার কার্যক্রম হাতে না নিলে দুর্নীতি এবং অপব্যবহার দেশে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা নস্যাৎ করতে পারে।
সিনহুয়া ওয়েনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, "রাজনৈতিক সংস্কার ছাড়া চীন ইতোমধ্যেই যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে তা হারানোসহ আধুনিকায়নের লক্ষ্যও হয়ত অর্জন করতে পারব না।"
তিনি আরো বলেছেন, "জনগণের গণতান্ত্রিক ও আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। জনগণ আইন, রাষ্ট্র, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আবহ অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করবে।"
জনগণকে সরকারের সমালোচনা করা এবং তদারকি করার মতো পরিবেশও তৈরি করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েন।
২০১৩ সালের প্রথম দিকে ওয়েন প্রধানমন্ত্রীত্ব থেকে অবসর নেবেন।
সা
bdnews24