২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

অস্ট্রেলিয়ায় শনিবার ভোট গ্রহণ চলছে। লেবার পার্টিকে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে নাকি কনজারভেটিভ দল এ সুযোগ পাবে সে বিষয়ে ভোটাররা দ্বিধা-বিভক্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 07:30 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

সিডনি, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ায় শনিবার ভোট গ্রহণ চলছে। লেবার পার্টিকে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের সুযোগ দেওয়া হবে নাকি কনজারভেটিভ দল এ সুযোগ পাবে সে বিষয়ে ভোটাররা দ্বিধা-বিভক্ত। আর এই বিভক্তি যদি সত্যি সত্যি নির্বাচনের ওপর প্রভাব ফেলে তবে কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। বিষয়টি বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হিসেবে দেখা দিয়েছে। এ নির্বাচন শুধু দুই অপরীক্ষিত নেতা বর্তমান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও বিরোধীদলীয় প্রধান টনি অ্যাবোটের ভাগ্য নির্ধারণ করবে তাই নয়; এর উপর নির্ভর করছে লেবার পার্টি খনি কর ৩০ শতাংশে নামিয়ে আনা এবং ৩ হাজার ৮শ' কোটি মার্কিন ডলারের ব্রডব্যান্ড নেটওয়ার্কের ভবিষ্যত। কোনো দলেরই একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা না থাকায় শুক্রবার পুঁজিবাজারে অস্থিরতা দেখা দেয়। এককভাবে সরকার গঠন করা সম্ভব না হলে অস্ট্রেলিয়ান ডলারের মান কমে যাওয়াসহ নীতি-নির্ধারণী ক্ষেত্রে জটিলতা তৈরি ও বিনিয়োগে স্থবিরতার সৃষ্টি হতে পারে। সিডনির পশ্চিমাঞ্চলীয় গুরুত্বপূর্ণ আসনটির জন্য শনিবার প্রচারাভিযান চালানোর সময় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেন, "সারা দেশেই এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ।" বিরোধী দলীয় কনজারভেটিভ নেতা টনি অ্যাবোট বলেছেন, "আজ দেশের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা একটি অযোগ্য সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে পারি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/সিআর/১৩২৫ঘ.