ইসলামাবাদ, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--পাকিস্তান বন্যাদুর্গতদের সাহায্য করতে মাঠে নামা ইসলামি জঙ্গিদের দাতব্য সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে শুক্রবার জানিয়েছে।
ত্রাণ তৎপরতায় জঙ্গি দাতব্য সংগঠনগুলো জড়িয়ে পড়তে থাকলে তালেবানের মতো যে জঙ্গি দলগুলোর বিরুদ্ধে পাকিস্তান সরকার লড়াই করছে তা অনেকটা চাপা পড়ে যাওয়ার আশঙ্কা থেকেই এ পদক্ষেপ।
পাকিস্তানে ভয়াবহ বন্যার বিপর্যয় সামলাতে সরকারের হিমশিম অবস্থার মধ্যে ইসলামি জঙ্গিদের দাতব্য সংগঠনগুলো সুযোগ বুঝে ত্রাণতৎপরতায় নেমে পড়েছে।
এ সমস্ত সংগঠন নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতেই ত্রাণসহায়তাকে কাজে লাগাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক রয়টার্সকে বলেছেন, "নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোকে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে দেওয়া হবে না। আমরা বন্যা তহবিল সংগ্রহে নিয়োজিত এ সমস্ত সংগঠনের সদস্যদেরকে গ্রেপ্তার করব এবং সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের বিচার করব।"
পাকিস্তানে জঙ্গি দাতব্য সংগঠনগুলোর বিরুদ্ধে সরকারের এ কড়াকড়ি এটিই প্রথম নয়।
তবে সমালোচকরা বলছেন, নিষিদ্ধ জঙ্গি দাতব্য সংগঠনগুলো প্রায়ই নতুন নতুন নামে আবির্ভুত হয়ে নানা তৎপরতা শুরু করলেও কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ করার বিষয়টিতে তেমন আমল দেয় না।
কিন্তু এবার ত্রাণ তৎপরতা চালানো জঙ্গি দাতব্য সংগঠনগুলোর আধিপত্য বিস্তার নিয়ে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের উৎকন্ঠা এবং বিষয়টি নিয়ে আন্তর্জাতিক বিশেষত যুক্তরাষ্ট্রের উদ্বেগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এ সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৯১২ ঘ.
bdnews24