২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাচনা নয়: খামেনি

অবরোধ ও সামরিক হামলার হুমকি তুলে নেওয়া না হলে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

তেহরান, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অবরোধ ও সামরিক হামলার হুমকি তুলে নেওয়া না হলে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলি খামেনি বুধবার একথা বলেছেন। টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে খামেনি উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেন, "তারা যা বলছে, আমাদের প্রেসিডেন্ট ও অন্যান্যরাও তাই বলছে যে আমরা সমঝোতা আলোচনায় যাবো। হ্যাঁ আমরা যাবো, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়। কারণ যুক্তরাষ্ট্র সৎভাবে আলোচনা করছে না এবং স্বাভাবিক আলোচকের মত আচরণ করছে না। তিনি আরো বলেন, "হুমকি থামাও এবং অবরোধ তুলে নাও।" ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান ছয় বিশ্ব শক্তির সঙ্গে আলোচনা পুনরায় শুরু করতে রাজি। কিন্তু খামেনি তার বক্তব্যে যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত থাকার কারণে ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু আলোচনায় যেতে অস্বীকৃতি জানাচ্ছেন নাকি কেবল ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে আপত্তি করছেন তা পরিস্কার নয়। ছয় বিশ্বশক্তি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের জন্য চুক্তিতে পৌঁছার লক্ষ্যে আলোচনা চায়। কিন্তু ইরান এতে ঘোর আপত্তি জানিয়ে আসছে। পশ্চিমাদের ধারণা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। কিন্তু কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের কাজেই পরমাণু শক্তি কাজে লাগানো হচ্ছে বলে দাবি করে আসছে ইরান। এ কর্মসূচি নিয়ে এর আগে ইরান আলোচনা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য রাষ্ট্র - যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স , যুক্তরাজ্যসহ জার্মানির সঙ্গে। আহমেদিনেজাদ বলেছেন, পরবর্তী আলোচনায় তিনি আরো দেশের অন্তর্ভূক্তি চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০৪ ঘ.