কিনশাসা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ৩ ভারতীয় সদস্য অস্ত্রধারীদের আকস্মিক হামলায় নিহত হয়েছে।
কঙ্গো জাতিসংঘ শান্তিরক্ষী মিশন (এমওএনইউএসসিও) বুধবার একথা জানিয়েছে।
কঙ্গোর উত্তরাঞ্চলীয় কিভু প্রদেশের কিরুম্বা ঘাঁটিতে ৫০ জন অস্ত্রধারীর একটি দল শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলা চালালে ১০/১২ জন মতো শান্তিরক্ষী তাদের হামলার পাল্টা জবাব দেয়। সন্ত্রাসীদের হামলায় শান্তিরক্ষী বাহিনীর ৩ ভারতীয় সদস্য নিহত হয়।
এমওএনইউএসসিও'র প্রধান জেনারেল ফিলিপ বেনি সাংবাদিকদের বলেন, হামলায় শান্তিরক্ষী বাহিনীর আরো ছয় থেকে সাত সদস্য আহত হয়েছে।
তিনি বলেন, "প্রায় ৫০ জন অস্ত্রধারীর একটি দল বাগান থেকে বেরিয়ে এসে অতর্কিতে হামলা চালায়। রাতের আধাঁরে অতি গোপনে এসে তারা আমাদের ১০ বা ১২ জনের মতো শান্তিরক্ষী বাহিনীর একটি দলের সঙ্গে হাতাহাতি দূরত্বে যুদ্ধ করে।"
১০ বছর আগে এখানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন শুরুর পর থেকে এ ৩ ভারতীয় সেনা নিহতের ঘটনায় কঙ্গোতে এ পর্যন্ত নিহত শান্তিরক্ষীর সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪৩ ঘ.
bdnews24