ইসলামাবাদ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য প্রাথমিকভাবে প্রয়োজনীয় ৪৫ কোটি ৯০ লাখ ডলার ত্রাণতহবিলের প্রায় অর্ধেকাংশ সংগ্রহ করেছে জাতিসংঘ।
পাকিস্তান বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে আছে এ সতর্কবার্তা দেওয়াসহ দাতাদের কাছে কয়েকদিন ধরে ত্রাণের জন্য আবেদন জানানোর পর এ তহবিল সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে বুধবার জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মুখপাত্র মাউরিজিও গিউলিয়ানি রয়টার্সকে বলেছেন, "তহবিল বাড়ছে। দাতারা বিপর্যয়ের মাত্রা উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু আমাদের সামনে রয়েছে বিরাট চ্যালেঞ্জ। আর বন্যাও এখনো শেষ হয়নি।"
পাকিস্তানে ইতোমধ্যেই কয়েকটি এলাকায় নতুন করে বন্যা দেখা দেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ওদিকে, তহবিল সংগ্রহের গতি বাড়লেও ত্রাণের জন্য মরিয়া ৬০ লাখ পাকিস্তানির মাত্র একটি অংশ সাহায্য পাচ্ছে।
বন্যায় যে বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তা অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং বেলজিয়াম তিন দেশের সম্মিলিত এলাকার সমান। এ অবস্থা সত্যিই ভয়াবহ। বলেছেন গিউলিয়ানি।
কয়েকদিন আগেই বন্যাদুর্গতদের জন্য মাত্র এক-চতুর্থাশ ত্রাণের প্রতিশ্র"তি পেয়েছিল জাতিসংঘ। এ পরিস্থিতিতে ত্রাণ সরবরাহে গতি আনতে এবং বিদেশি দাতাদের কাছে ত্রাণের আবেদন জানাতে পাকিস্তান
সফরে যান জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
এ পর্যন্ত৭ লাখ বন্যাদুর্গতের জন্য খাবার রেশন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬০৪ ঘ.
bdnews24