ঝউকু, চীন, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিধসে বিপর্যস্ত চীনের ঝউকুর পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনায় বুধবার এ আশঙ্কা দেখা দিয়েছে।
মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১১৭ তে। নিখোঁজ রয়েছে ৬২৭ জন।
বৃষ্টি ও ভূমিধসের কারণে তৈরি একটি অস্থায়ী লেকের পানি উপচে পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। নিহতদের লাশ খুঁজে পেতে বেগ পোহাতে হচ্ছে উদ্ধারকর্মীদের ।
দর্জে নামের এক তিব্বতী তার দুই ভাইপোর মৃতদেহ খুঁজতে এসে জানান, "বাচ্চারা যেন যথাযথ ভাবে শেষকৃত্যটুকু পায় সে বিষয়টি নিশ্চিত করতে আমরা এসেছি ।"
প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। শহরটিতে উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ১০ হাজারের বেশি পুলিশ, সেনা ও দমকলবাহিনীর সদস্য পাঠানো হয়েছে।
সম্পূর্ণ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কৃষক ইয়াং বলেছেন, "এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। সরকার জানতো তা আবারও ঘটতে পারে। অথচ তা প্রতিরোধের কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি।"
ঝউকুর শহরতলীর একটি চেকপয়েন্টে একজন পুলিশ তার নাম না প্রকাশ করে বলেছেন, "আজ (বুধবার) বিকেল থেকে প্রবল বর্ষণের আশঙ্কা করছি আমরা। দয়া করে শহরে বেশিক্ষণ থাকবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১৫০৭ঘ.
bdnews24