২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক আফগান হতাহতের সংখ্যা বেড়েছে ৩১ শতাংশ

আফগানিস্তানে ২০১০ সালের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে। জাতিসংঘ মিশন মঙ্গলবার এতথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 04:17 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

কাবুল, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানে ২০১০ সালের প্রথম ছয় মাসে গত বছরের তুলনায় বেসামরিক নাগরিকের হতাহতের সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে। জাতিসংঘ মিশন মঙ্গলবার এতথ্য জানিয়েছে। 'দ্য ইউনাইটেড নেশনস অ্যাসিসট্যান্স মিশন ইন আফগানিস্তান' (ইউএনএএমএ) তাদের অর্ধ-বার্ষিক প্রতিবেদনে বলেছে, ২০১০ সালের প্রথম ছয়মাসে সহিংসতায় ১ হাজার ২ শ' ৭১ জন বেসামরিক আফগান প্রাণ হারিয়েছে। বেশিরভাগ প্রাণহানি ঘটেছে তালেবান জঙ্গিদের হামলায় বলেও উল্লেখ করা হয়েছে ঐ প্রতিবেদনে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ প্রতিনিধি স্টেফান দে মিসতুরা এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা এ যুদ্ধের ভবিষ্যত নিয়ে খুবই উদ্বিগ্ন। কারণ, বেসামরিক আফগানদের বহু সংখ্যায় প্রাণ দিয়ে এ যুদ্ধের খেসারত দিতে হচ্ছে। তাই এ প্রতিবেদন একটি সতর্ক বার্তা।" তিনি বলেন, গত ছয়মাসে মোট ৩ হাজার ২ শ' ৬৮ জন বেসামরিক আফগান হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে ১ হাজার ২ শ' ৭১ জন নিহত ও ১ হাজার ৯ শ' ৯৭ জন আহত হয়েছে। তালেবান জঙ্গিদের হামলার কারণে শিশুদের হতাহতের হারও ২০০৯ সালের তুলনায় ৫৫ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ মিশন। এছাড়া সাধারণ জনগণ যাতে তালেবান বিরোধী অভিযানে সহায়তা না করে সেজন্য তাদের ভয় দেখাতে গুপ্তহত্যার সংখ্যা বেড়েছে ৯৫ শতাংশ। জাতিসংঘের এ প্রতিবেদনে তালেবান এবং অন্যান্য জঙ্গিদের 'সরকার বিরোধী উপাদান' (এজিই) হিসেবে উল্লেখ করা বলা হয়েছে, আফগানিস্তানে বেসামরিক নাগরিক হতাহতের ৭৬ শতাংশের জন্য জঙ্গিরা দায়ী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/২২০৪ ঘ.