পাকিস্তান, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সরকারি বিদেশ সফর শেষে মঙ্গলবার দেশে ফিরেছেন। গত ৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যার সময় ইউরোপ সফর চালিয়ে যাওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
বন্যায় এ পর্যন্ত ১৬শ'র বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাব অনুযায়ী ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার হেলিকপ্টারগুলোর উদ্ধার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। তাছাড়া বন্যা কবলিত এলাকায় নতুন করে বৃষ্টিপাতের কারণে বন্যা দুর্গত ১ কোটি ৩০ লাখ মানুষের জীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ বাবর রয়টার্সকে বলেছেন, "প্রেসিডেন্ট দেশে ফিরেছেন এবং বর্তমানে তিনি করাচীতে অবস্থান করছেন। আজ তিনি ইসলামাবাদে আসবেন।"
সরকারের এক কর্মকর্তা বলেন, শিগগিরই প্রেসিডেন্টের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
কিন্তু পাকিস্তানের বেশিরভাগ মানুষ মনে করছেন, তিনি অনেক দেরি করে ফেলেছেন।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের দোকানদার দারাজ গুল বলেন, "জারদারি সম্পর্কে আমি এটুকু বলতে পারি যে, আমাদের ঘর ধসে যাচ্ছে। কিন্তু তার সরকারের কোনো মাথাব্যথা নেই।"
ভয়াবহ এ দুর্যোগের মধ্যে জারদারির ব্রিটেন সফরে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেশে বিপর্যয়ের মুখে ইউরোপ সফরকে জারদারির রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সেনাবাহিনী ত্রাণ তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য ব্যাপক সমালোচিত হচ্ছে পাকিস্তান সরকার।
দুই সপ্তাহ আগে ইন্দু নদীর অববাহিকায় ভারি মৌসুমি বৃষ্টিপাতের কারণে এ বন্যার সৃষ্টি হয়। বন্যায় পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের দিকে ১ হাজার কিলোমিটারেরও বেশি এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এএইচ/১৮৫৪ ঘ.
bdnews24