২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজদের খোঁজে চীনের উদ্ধারকর্মীরা

চীনে মাটিচাপা পড়া শত শত মানুষের খোঁজে সোমবার উদ্ধারকর্মীরা মাটি সরানোর কাজে ব্যবহৃত ক্ষুদ্র অস্ত্র দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 07:06 AM

Updated : 25 Aug 2022, 06:25 PM

বেইজিং, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে মাটিচাপা পড়া শত শত মানুষের খোঁজে সোমবার উদ্ধারকর্মীরা মাটি সরানোর কাজে ব্যবহৃত ক্ষুদ্র অস্ত্র দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। উদ্ধার কর্মকর্তারা টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, কাদা ও ধ্বংসস্তুপের কারণে উদ্ধারের জন্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। শনিবার ভারী বর্ষণের কারণে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি শহরে ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১২৭ জনের প্রাণহানি হয়েছে বলে রোববার জানা যায়। ভূমিধসে নিখোঁজ হয়েছে প্রায় ১৩শ' জন। এ কারণে প্রাণহানির সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গানসু প্রদেশের ঝউকু জেলায় কমপক্ষে ৩০০ একতলা বাড়ি ভূমিধস ও বন্যার পানিতে তলিয়ে গেছে। কমপক্ষে ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। ঝউকুর অধিবাসী হান জিয়াংপিং নামের এক ব্যবসায়ী রয়টার্সকে বলেছেন, অনেক একতলা বাড়ি ভেসে গেছে এবং কতজনকে পাওয়া যায় তা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। তিনি আরো বলেছেন, "ভূমিধসের ঘটনা আমাদের এখানে আগেও ঘটেছে। কিন্তু এবারের মত ভয়াবহ আকারে কখনো ঘটেনি। মানুষ তাদের পরিবারকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং আরো উদ্ধারকর্মীর জন্য অপেক্ষা করছে।" রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, পার্শ্ববর্তী গ্রামের ৩০০ পরিবারসহ ঝউকু শহরের প্রায় অর্ধেক বন্যায় ভেসে গেছে। এ অঞ্চলে প্রায় ৪০ হাজার লোক বাস করে। বন্যার পানি কিছু কিছু ভবনের তিন তলা পর্যন্ত ছুঁয়েছে। সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২ হাজার ৮০০ সেনা ও প্রায় ১শ' স্বাস্থ্যকর্মীকে উদ্ধার তৎপরতার কাজে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/সিআর/১২৫৪ঘ.