কারাকাস, অগাস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ রোববার কলম্বিয়ার বিদ্রোহীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি কলম্বিয়ার বামপন্থি গেরিলাদের সহায়তা করছে ভেনেজুয়েলা এমন অভিযোগ না করতে দেশটির নতুন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসকে সতর্ক করেছেন শাভেজ।
সাপ্তাহিক এক কলামে শাভেজ লেখেন, "ভেনেজুয়েলার প্রতি সম্মান দেখানো হলে অগ্রগতি সম্ভব। আর সম্মান প্রদর্শনে ঘাটতি দেখা দিলে ভালো কোনো কিছুই সম্ভব না সে বিষয়টি পরিস্কার করা দরকার।"
তিনি কলম্বিয়ার বামপন্থি গেরিলাদের অস্ত্র পরিহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
ভেনজেুয়েলার প্রেসিডেন্ট বলেন, " গেরিলাদের শান্তির পক্ষে এসে সব জিম্মিকে ছেড়ে দেওয়া উচিত।"
সেইসঙ্গে তিনি আরো বলেন, "এই স্বশস্ত্র অবস্থানে থাকার কোনো ভবিষ্যৎ নেই।"
হুয়ান ম্যানুয়েল সান্তোস ভেনেজুয়েলার সঙ্গে নতুন সম্পর্কের আশাবাদ ব্যক্ত করে শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণের পর কলম্বিয়ার নতুন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন শ্যাভেজ। মঙ্গলবার দুই প্রেসিডেন্টের আলোচনায় বসার কথা রয়েছে।
ভিন্ন মতাদর্শী প্রতিবেশি দুই দেশের প্রেসিডেন্ট নিজেদের মধ্যে সব ধরনের মতবিরোধ কাটিয়ে সম্পর্কের নব সূচনা করতে চান।
একইসঙ্গে দুই দেশের মধ্যকার বার্ষিক ৭শ' কোটি মার্কিন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক পুনঃস্থাপনেও আগ্রহী তারা।
গত মাসে বামপন্থি গেরিলাদের আশ্রয় দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ভেনেজুয়েলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৫২ঘ.
bdnews24