কারাকাস, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ শুক্রবার বলেছেন, কলম্বিয়ার নতুন সরকারের সঙ্গে বিরোধ কমিয়ে সুসম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে খুবই আশাবাদী ভেনেজুয়েলা।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা এবং আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেসটর কির্চনারের সঙ্গে বৈঠকের আগে কলম্বিয়ার নতুন সরকারের সঙ্গে বিরোধ কমানোর বিষয়ে শ্যাভেজ বলেন, "আমরা খুবই আশাবাদী।"
লুলা ডি সিলভা ও কির্চনার ভেনেজুয়েলা সফর করছেন।
শ্যাভেজ বলেন, কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের শপথ গ্রহণ অনুষ্ঠানে শনিবার যোগ দেবেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরো।
সান্তোসের শপথ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরোর যোগ দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, "এটা খুবই পরিস্কার যে, আগামীকাল শপথ অনুষ্ঠানে নিকোলাস অবশ্যই থাকবেন।"
শ্যাভেজের এ ঘোষণায়, কলম্বিয়ার বামপন্থী বিদ্রোহীদের বিষয়টি নিয়ে প্রতিবেশি এ রাষ্ট্র দুটির মধ্যে সম্পর্কের চরম অবনতির পর আবার সম্পর্কোন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে।
গত মাসে প্রেসিডেন্ট আলভারো ইউরিবের নেতৃত্বাধীন কলম্বিয়ার বিদায়ী সরকার তাদের দেশের বামপন্থী বিদ্রোহীদের ভেনেজুয়েলা তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে।
সে অভিযোগের প্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া সীমান্তে সেনা মোতায়েন করেছেন বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
কলম্বিয়ার বিদায়ী প্রেসিডেন্ট ইউরিব ৮ বছর ক্ষমতায় ছিলেন। ক্ষমতায় থাকাকালে তিনি 'রেভোল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলাম্বিয়া' (এফএআরসি) বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালান।
দুই বছর আগে কলম্বিয়া ইকুয়েডরের একটি গেরিলা ক্যাম্পে বোমা হামলা চালানোর পর শ্যাভেজ ও ইউরিবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। তার ফলে ২০০৯ সাল হতে প্রতিবেশি এ দেশ দু'টির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যেও মন্দা দেখা দেয়। এতে দু'দেশের অর্থনীতিই ক্ষতিগ্রস্থ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এএইচ/১৯৫৩ ঘ.
bdnews24