দারুস সালাম, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----তাঞ্জানিয়ার ভিক্টোরিয়া হ্রদে তীব্র বাতাসে নৌকা উল্টে গিয়ে ১৮ জন শিশু নিহত হয়েছে। এক আঞ্চলিক কর্মকর্তা শুক্রবার একথা জানিয়েছেন।
আফ্রিকার সর্ববৃহৎ এ হ্রদে বৃস্পতিবার ৩৭ জনকে নিয়ে ছোট্ট নৌকাটি ডুবে যায়।
আয়ারল্যান্ডের প্রায় সমান আয়তনের ভিক্টোরিয়া হ্রদে খরস্রোতা পানি এবং পুরনো জাহাজ চলাচলের কারণে মাঝেমধ্যেই নৌকা উল্টে যায়।
মাওয়ানজার আঞ্চলিক কমিশনার আব্বাস ক্যানডোরো রয়টার্সকে বলেছেন, "৩৬ জনের মধ্যে বেশিরভাগই ছিল প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। এদের ১৮ জন নিহত হয়েছে। আর একজন নাবিকসহ ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।"
তিনি জানান, অতিরিক্ত যাত্রীবহন এবং খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে।
তাঞ্জানিয়া, উগান্ডা ও কেনিয়ার সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ থেকে উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৩ টি লাশ উদ্ধার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/২১১১ ঘ.
bdnews24