লন্ডন, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জঙ্গিদের বিরুদ্ধে একযোগে আরো কঠোর লড়াই চালিয়ে যেতে শুক্রবার একমত হয়েছে ব্রিটেন ও পাকিস্তান।
জঙ্গি দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সমালোচনার পর দুপক্ষ যৌথভাবে জোরালো সন্ত্রাসবিরোধী লড়াই চালানোর এ সিদ্ধান্ত নিল।
ক্যামেরন তার সরকারি বাসভবনে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন।
যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, "উভয় নেতাই দু'দেশের মধ্যে বিদ্যমান পুলিশ বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন।"
"দু'নেতাই এ সহযোগিতা অব্যাহত রাখা এবং তা জোরদার করার প্রয়োজনীয়তা স্বীকার করেছেন।"
আসিফ আলী জারদারি পাঁচ দিনের সফরে ব্রিটেনে রয়েছেন।
ক্যামেরন গত সপ্তাহে ভারত সফরকালে পাকিস্তান সন্ত্রাস ছড়াচ্ছে বলে মন্তব্য করায় ক্ষুব্ধ হয় ইসলামাবাদ। কিন্তু তারপরও ব্রিটেন সফর বাতিল করেননি জারদারি।
ক্যামেরনের এক মুখপাত্র বলেছেন, "পাকিস্তান ও ব্রিটেনের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক আরো সুদৃঢ় করার এটি একটি বড় সুযোগ। পাকিস্তানে স্থিতিশীলতা আনতে, নিরাপত্তা জোরদার করতে, গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে এ সম্পর্ক ধরে রাখতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩২ ঘ.
bdnews24