২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্যা পরিস্থিতি ভয়াবহ, তোপে জারদারি

পাকিস্তানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত সপ্তাহ জুড়ে বন্যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ছড়িয়ে পড়েছে সিন্ধু প্রদেশে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 05:40 PM

সুক্কুর, পাকিস্তান ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত সপ্তাহ জুড়ে বন্যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ছড়িয়ে পড়েছে সিন্ধু প্রদেশে। (আরো তথ্যসহ) বন্যাকবলিত এলাকাগুলোতে নতুন করে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ পরিস্থিতিতে ব্রিটেন সফর করে জনগণের তোপের মুখে পড়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সিন্ধুর সুক্কুর এলাকায় গত ২৪ ঘণ্টায় ৭০ টি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী। পানি বাড়তে থাকায় শনিবার নাগাদ পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা করা হচ্ছে। মৌসুমী বৃষ্টি কমে আসতে শুরু করলেও সিন্ধুর অন্তত ১১ টি জেলা বন্যাকবলিত হওয়ার ঝুঁকির মুখে রয়েছে। পাকিস্তান কর্তৃপক্ষ ইতোমধ্যেই সিন্ধুর ৫ লাখের বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রয়ে গেছে আরো মানুষ। ইন্দু নদীপাড়ের নিুাঞ্চলের লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের মহাপরিচালক কামরুজ্জামান চৌধুরী রয়টার্সকে বলেছেন, "দেশজুড়ে আরো বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বিশেষ করে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে।" শস্য উৎপাদন এলাকাগুলো বন্যার পানিতে ভেসে গিয়ে পাকিস্তানে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য সঙ্কট দেখা দেওয়ার উপক্রম হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পাঞ্জাব হয়ে বন্যা এখন দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশও গ্রাস করতে থাকায় আরো বেশি ক্ষয়ক্ষতি এবং দুর্ভোগের আশঙ্কা করা হচ্ছে। ৮০ বছরের মধ্যে পাকিস্তানে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। এ পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫ লাখ লোক। এতবড় দুর্যোগের মধ্যে জারদারির ব্রিটেন সফর নিয়ে জনমনে ক্ষোভ সঞ্চার হয়েছে। দেশে বিপর্যয়ের মুখে জারদারি ইউরোপ সফরের সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক জীবনে চরম ভুল করলেন বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানিরা ইতোমধ্যেই জারদারির নেতৃত্বের সমালোচনা করেছে। পাকিস্তানে সামরিক অভিযান চলার পরও জঙ্গিরা এখনো নিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে, ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে দারিদ্র্য, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে খুব সামান্যই, দুর্নীতি বেড়ে চলেছে। ওদিকে, বন্যায় অপর্যাপ্ত ত্রাণ সহায়তার কারণে জনগণ ক্ষুদ্ধ। তার ওপর এ মুহূর্তে দেশে জারদারির অনুপস্থিতি জনগণের ক্ষোভ আরো বাড়িয়ে দিয়েছে। শুক্কুর শহরের এক অধিবাসী গুলাম রসুলের উক্তি, "এরকম সংকটে সামগ্রিক ত্রাণ বিতরণ কর্মসূচি তদারক করার পরিবর্তে প্রেসিডেন্ট বিদেশে যাওয়াটাই বেছে নিয়েছেন। আমাদের দিকে তাদের কোনো নজর নেই। তারা নিজেদের কর্মসূচি, নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত।" তবে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বন্যাকবলিত কিছু এলাকা পরিদর্শন করেছেন। কথা বলেছেন ত্রাণশিবিরের আশ্রয় নেওয়া লোকজনদের সঙ্গে। তিনি বলেন, সরকারের সংকট মোকাবেলার সদিচ্ছা ও সক্ষমতা দুইই আছে। তবে তাদের আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৭২৬ ঘ.