ওয়াশিংটন, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর নতুন কমান্ডার ডেভিড পেত্রাউস বুধবার সেনাদের প্রতি এক নির্দেশনায় বিমান হামলায় বেসামরিক আফগান হতাহতের ঘটনা এড়ানোর যথাসাধ্য চেষ্টা করার ওপর জোর দিয়েছেন।
জেনারেল ডেভিড পেত্রাউস জুলাইয়ে আফগান যুদ্ধের দায়িত্ব নেন। নতুন নির্দেশমালায় তিনি আগের নীতিমালাগুলো পরিবর্তন করেননি বরং সেগুলোকে আরো জোরালো করেছেন।
আগের কমান্ডার জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টালের অনেক নীতিকেই আরো বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।
জেনারেল স্ট্যানলে ম্যাকক্রিস্টাল ন্যাটো বিমান হামলায় বেসামরিক আফগান হতাহতের ঘটনা কমানোর বিষয়টিকে অনেক বেশি গুরুত্ব দিতেন।
ন্যাটো বিমান হামলায় বেসামরিক আফগান হতাহতের ঘটনা প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বিদেশি বাহিনীর বিরোধের একটি বড় কারণ।
বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় যুক্তরাষ্ট্র এ বিষয়টি বিবেচনায় নিতে বাধ্য হয়েছে।
স্ট্যানলে ম্যাকক্রিস্টাল বেসামরিক আফগান হতাহতের ঘটনা এড়ানোয় বেশি সচেষ্ট হওয়ার পক্ষে ছিলেন। আর ডেভিড পেত্রাউস এ ব্যাপারে আরো দ্বিগুণ সচেষ্ট হওয়ার কথা বলছেন।
কিন্তু সে চেষ্টা করতে গিয়ে ন্যাটো সেনারা বিশেষ করে মার্কিন বাহিনী অনেক বেশি ঝুঁকির মুখে পড়তে পারে বলে উদ্বিগ্ন অনেকেই।
তবে পেত্রাউস অবশ্য তার সেনাদের আত্মরক্ষার বিষয়টির ওপর জোর দিয়েছেন।
পেত্রাউস আফগান হতাহতের ঘটনা কমাতে আফগান বাহিনীর সঙ্গে সহযোগিতার ভিত্তিতে অভিযান চালানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, প্রতিটি অভিযানই আফগান ইউনিটের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই পরিচালিত হওয়া বাঞ্ছনীয়।
পেত্রাউসের নীতিমালার কিছু অংশ ন্যাটে নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসটেন্স ফোর্স (আইএসএএফ) প্রকাশ করেছে। তবে বেশির ভাগই প্রকাশ করা হয়নি।
গত মাসের শেষ দিকে বেসামরিক আফগান হতাহতের ঘটনা এড়িয়ে যুদ্ধ চালানোর জন্য তালেবান নেতা মোল্লা ওমর তার অনুসারীদের উদ্দেশ্যে নির্দেশনা দেন। এর কয়েকদিনের মধ্যেই পেত্রাউস তার নির্দেশনা দিলেন।
ওদিকে, অন্য এক খবরে আফগান সরকার জানিয়েছে, নতুন এক তদন্তে দেখা গেছে গত মাসে ন্যাটোর রকেট হামলায় ৩৯ জন বেসামরিক আফগান নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/এলকিউ ২১৫৬ ঘ.
bdnews24