২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ মার্কিন বিলিওনিয়ারের অর্ধেক সম্পদ দানের অঙ্গীকার

যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪০ বিলিওনিয়ার তাদের সম্পত্তির অর্ধেক দাতব্য কাজে দান করার অঙ্গীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 06:48 AM

Updated : 25 Aug 2022, 05:38 PM

নিউ ইয়র্ক, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪০ বিলিওনিয়ার তাদের সম্পত্তির অর্ধেক দাতব্য কাজে দান করার অঙ্গীকার করেছেন। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম বিল গেটস ও ওয়ারেন বাফেটের আহ্বানে বুধবার তারা এ অঙ্গীকার করেন। বিলিওনিয়ারদের সম্পত্তির পরিমাণের ভিত্তিতে ফোর্বেস ম্যাগাজিনের হিসেব অনুযায়ী তাদের দান করা সম্পদ অর্থমূল্যে ১৫০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াতে পারে। দানের অঙ্গীকার করা বিলিওনিয়ারদের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ, মিডিয়া মোঘলখ্যাত বেরি ডিলার ও টেড টার্নার, ওরাকলের সহ প্রতিষ্ঠাতা লেরি এলিসন, 'স্টার ওয়ারস' চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস ও জ্বালানিসম্রাট টি. বোনে পিকেন্স। জুন মাসে 'দ্য গিভিং প্লেজ' কর্মসূচি চালুর পর সম্পত্তি প্রদানে প্রভাবিত করতে বাফেট, গেটস ও তার স্ত্রী মেলিন্ডা যুক্তরাষ্ট্রের প্রায় ৭০ থেকে ৮০ জন বিলিওনিয়ারের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের আর্ত-পীড়িতের সেবায় দানের আহ্বান জানিয়েছেন। তবে দ্য গিভিং প্লেজ-এর মাধ্যমে অর্থ গ্রহণ করা হয় না, এমন কী কীভাবে অর্থ ব্যয় করা হবে সে ব্যাপারেও কিছু বলা হয় না। শুধু মানবতার সেবায় অর্থদানের অঙ্গীকার গ্রহণই এই কর্মসূচির লক্ষ্য। এই লক্ষ্যে বিশ্বের শীর্ষ দুই ধনী গেটস ও বাফেট একটি ওয়েবসাইট খুলেছেন, নাম দিয়েছেন 'দ্য গিভিং প্লেজ'। ফোর্বেসের হিসেব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে মোট ৪০৩ জন বিলিওনিয়ার রয়েছে। এ ম্যাগাজিনের করা বিশ্বের ধনীদের তালিকায় গেটসের অবস্থান দ্বিতীয়। তার সম্পত্তির পরিমাণ হলো ৫৩ বিলিয়ন ডলার। যার অর্ধেকই দান করার অঙ্গীকার করেছেন। অপরদিকে ইন্সুরেন্স ও বিনিয়োগ কোম্পানি বার্কশায়ার হাথওয়ে ইঙ্কের মালিক বাফেটের অবস্থান এ তালিকায় তৃতীয়। তার সম্পত্তির পরিমাণ ৪৭ বিলিয়ন ডলার। কিছুদিন আগে এক অনুষ্ঠানে বাফেট তার সম্পদের ৯৯ ভাগ জনকল্যাণকর কাজে দানের অঙ্গীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৩২ঘ.