লন্ডন, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সন্ত্রাস নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরূপ মন্তব্যের জেরে সোমবার ইসলামাবাদে ব্রিটেনের দূতকে তলব করেছে পাকিস্তান। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তানের ব্রিটিশ হাই কমিশনার এডাম থমসনকে পররাষ্ট্রমন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। ক্যামেরন গত সপ্তাহে ভারত সফরকালে পাকিস্তান সন্ত্রাস ছড়াচ্ছে বলে যে মন্তব্য করেছিলেন সে সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হবে থমসনের কাছে।
ক্যামেরনের ওই মন্তব্যে পাকিস্তান ক্ষুব্ধ হয়। প্রতিবাদ জানিয়ে ব্রিটেন সফর বাতিল করেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান। তবে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিক্ষুব্ধ পরিস্থিতির মুখেও ব্রিটেন সফর বাতিল করেননি। এ সপ্তাহে পরিকল্পনামাফিকই ব্রিটেন সফরে যাচ্ছেন তিনি।
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুরোধে থমসন পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করছেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
পাকিস্তানের বিরোধীদলীয় নেতা ও সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্যামেরনের মন্তব্যকে পাকিস্তানের জনগণের সেন্টিমেন্টের অপমান বলে অভিহিত করেছেন।
বিক্ষুব্ধ জনতা ইতোমধ্যেই করাচিতে ক্যামেরনের কুশপুত্তলিকা দাহ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24