২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে করলেন চেলসি ক্লিনটন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন শনিবার বিয়ে করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2010, 10:41 AM

Updated : 25 Aug 2022, 05:21 PM

রিনবেক, নিউ ইয়র্ক, আগস্ট ১ (বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন শনিবার বিয়ে করেছেন। দীর্ঘদিনের বয়ফ্রেন্ড মার্ক মেজভিনস্কিকে স্বামী হিসাবে বরণ করে নিয়েছেন চেলসি। এখন থেকে তিনি আর চেলসি ক্লিনটন নন, পরিচিত হবেন চেলসি মেজভিনস্কি নামে। নিউ ইয়র্কের রেইনবেক গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিয়ে। নিউ ইয়র্ক সিটির প্রায় ১শ' মাইল উত্তরে হাডসন নদী তীরবর্তী অ্যাসটর কোর্টস এ বিয়ে করেন চেলসি ও মেজভিনস্কি। এক বিবৃতিতে ক্লিনটন দম্পতি বলেন, "পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আজ আমরা অ্যাস্টর কোর্টস এ আবেগাপ্লুত পরিবেশে গভীর আত্মতৃপ্তি নিয়ে চেলসি (৩০) ও মার্কের (৩২) বিয়ের অনুষ্ঠান দেখলাম।" "তাদের যুগল জীবন শুরুর দিনটি উদযাপনের জন্য এর চেয়ে আরো ভালো দিন ঠিক করতে পারতাম না। আর আমাদের পরিবারে মার্ককে অভিনন্দন জানিয়ে আমরা খুবই খুশী।" "বিশেষ এ দিনে প্রত্যেকের শুভকামনা এবং স্বাগতবাণীর জন্য আমরা নবদম্পতির পক্ষ থেকে সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।" বিবৃতিটি দেওয়া হয় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। তবে ঠিক কয়টায় বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সে সম্পর্কে এতে কিছু বলা হয়নি। ক্লিনটনের সহযোগীর কাছ থেকে ই মেইলে রয়টার্সকে পাঠানো ছবিতে দেখা যায়, কনের পরনে ছিল সাদা গাউন ও লম্বা সাদা মুখাবরণ। আর বরের পরণে ছিল লম্বা কালো জ্যাকেট। অনুষ্ঠানে আগত অতিথির সংখ্যা ছিল ৪শ' থেকে ৫শ'র মধ্যে। অতিথিদের মধ্যে ছিলেন বিল ক্লিনটনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট, অভিনেতা টেড ড্যানসন ও মেরি স্টিনবার্গেন এবং ফ্যাশন ডিজাইনার ভেরা ওয়াং। বিকাল ৫টার দিকে বাসে করে তাদেরকে রেইনবেকে নিয়ে যাওয়া হয়। বিয়ের নিরাপত্তার জন্য শনিবার দুপুর তিনটা থেকে ১২ ঘন্টার জন্য রেইনবেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া অ্যাস্টর কোর্টসে গণমাধ্যমের প্রবেশাধিকারও দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬২২ ঘ.