জাতিসংঘ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কালো তালিকা থেকে ৫ তালেবানের নাম বাদ দেওয়া হয়েছে। এক জাতিসংঘ কুটনীতিক শুক্রবার একথা জানিয়েছেন।
জঙ্গিদের সঙ্গে আলোচনার পথ সুগম করতে কাবুল কিছু তালেবানের এ তালিকামুক্তির আবেদন জানিয়ে আসছিল।
নিরাপত্তা পরিষদ কমিটি তালেবান ও আল কায়েদা সদস্যদের তালিকা পর্যালোচনা করার পর ৫ জনের নাম বাদ দেয়। এর মধ্যে দুজনের নাম বাদ দেওয়া হয়েছে মারা যাওয়ার কারণে।
বাদ দেওয়া পাঁচজনের নাম, আব্দুল হাকিম মুজাহিদ মুহম্মদ আওরাং, আব্দুল সালাম জাঈফ, আব্দুল সাত্তার পাকিন, আব্দুল সামাদ খাকসার এবং মুহাম্মাদ ইসলাম মোহাম্মদী। খাকসার ও মোহাম্মদী মারা গেছেন।
আফগানিস্তানে ৯ বছরের যুদ্ধ পরিস্থিতির অবনতি ঠেকাতে কাবুলের শান্তি জির্গা গত মাসে মধ্যপন্থী তালেবান নেতাদের সঙ্গে আলোচনায় বসার সুপারিশ করে।
কুটনীতিকরা বলছেন, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আরো প্রায় ডজনখানেক তালেবানের কালো তালিকমুক্তি চান, বিশেষ করে যারা সরকারপক্ষে ভিড়তে ইচ্ছুক কিংবা মারা গেছেন তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২৩৩ ঘ.
bdnews24