নয়া দিল্লি, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার শান্তি আলোচনা নতুন করে শুরুর আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
চিরবৈরী প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে সম্পর্কন্নোয়নের ব্যাপারে 'শিগগিরই অথবা বিলম্বে' হলেও আলোচনা পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠকের পর মনমোহন সিং এক সাংবাদিক সম্মেলনে এ আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সঠিক লক্ষ্যে পৌঁছতে আজ হোক বা কাল হোক আমরা আবার আলোচনা শুরু করতে সক্ষম হব।
২০০৮ সালে পাকিস্তানের জঙ্গিরা ভারতের মুম্বাইয়ে হামলা চালালে দুই দেশের মধ্যকার শান্তি আলোচনা ভেঙে যায়।
শান্তি আলোচনা পুনরায় শুরু করার লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রসচিবদের মধ্যে এ বছর কয়েকদফা বৈঠক হয়েছে।
তাছাড়াও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস.এম. কৃষ্ণার মধ্যে ১৫ জুলাইয়ে বৈঠক হয়েছে। সে বৈঠকে আলোচনা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করা হয়েছে।
মনমোহন বলেন, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকের ফলে একটি দৃঢ় অবস্থানে পৌঁছার ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।
পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশ ভারত ও পাকিস্তান এ পর্যন্ত কাশ্মীর নিয়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে।
যুক্তরাষ্ট্র তাদের দূরত্ব ঘোচানোর জন্য তাগিদ দিয়ে যাচ্ছে, বিশেষ করে কাশ্মীর ইস্যু নিয়ে।
সিং বলেছেন, "আমরা বিশ্বাস করি, পাকিস্তান যেমন পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী তৎপরতার ওপর নজর দেবে তেমনি আমাদের সীমান্তে পূর্বাঞ্চলেও সে নজরটুকু রাখবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/এলকিউ/১৭০২ ঘ.
bdnews24