২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরনের বিরূপ মন্তব্যে 'মর্মাহত' পাকিস্তান

পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরূপ মন্তব্যে তারা 'মর্মাহত'। ক্যামেরন বুধবার ভারত সফরকালে পাকিস্তান সন্ত্রাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 05:08 PM

ইসলামাবাদ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিরূপ মন্তব্যে তারা 'মর্মাহত'। ক্যামেরন বুধবার ভারত সফরকালে পাকিস্তান সন্ত্রাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেন। তার এ মন্তব্যে মাঠ পর্যায়ের বাস্তবতার প্রতিফলন ঘটেনি এবং এতে আঞ্চলিক শান্তির সম্ভাবনা ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। তবে ক্যামেরন তার মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, "খোলাখুলি কথা বলাটা গুরুত্বপূর্ণ। তাছাড়া, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে অগ্রগতি সাধন করেছে.... তাই আমরা চাই তারা আরো বেশি কিছু করুক।" কিন্তু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, "ব্যাঙ্গালোরে ভারতীয়দের সামনে প্রধানমন্ত্রী ক্যামেরনের এমন মন্তব্যে আমরা স্পষ্টতই মর্মাহত হয়েছি। মাঠ পর্যায়ের বাস্তবতার সঙ্গে এ মন্তব্য একেবারেই বেমানান।" তিনি বলেন, উইকিলিক্স ওয়েবসাইটে গোপন মার্কিন সামরিক নথিপত্র ফাঁসের কারণেই ক্যামেরন এমন মন্তব্য করেছেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে সাহায্য নেওয়ার পরও গোপনে তালেবান জঙ্গিদের সহায়তা করেছে বলে ওই নথিতে অভিযোগ করা হয়েছে। বাসিত বলেন, "বিভ্রান্তিকর প্রতিবেদনের ভিত্তিতে কেউ সঠিক উপসংহার টানতে পারে না।" পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ব্রিটেন সফরে যাওয়ার আসন্ন এ সময়ে ক্যামেরন পাকিস্তানের বিরুদ্ধে ওই মন্তব্য করলেন। তবে তারপরও জারদারি ব্রিটেন সফর করবেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়। ওদিকে, ভারত সফরকালে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ক্যামেরনের। এতে প্রাধান্য পাবে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ২০২৪ ঘ.