মস্কো, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, "ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছতে এটি কেবল আমাদের যৌথ প্রচেষ্টাই ক্ষুন্ন করেনি বরং তা সতর্ক ও সমন্বিতভাবে প্রণীত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকেও উপেক্ষা করেছে।"
গত মাসে পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা দেশটির ওপর নতুন করে আরো নিষেধাজ্ঞা প্রস্তাব অনুমোদন করে।
ইউরোপীয় ইউনিয়ন ইরানের ব্যাংক ও ইন্সুরেন্স কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা এবং তেহরানের তেল ও গ্যাস খাতে বিনিয়োগ বন্ধের সিদ্ধান্ত নেয়।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বাইরে এ নিষেধাজ্ঞা মেনে নেওয়া যায় না। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আশা প্রকাশ করেছে রাশিয়া।
ইরানের ব্যাংক ও জ্বালানি খাতের সংকোচণের জন্য তেহরানের ওপর ২৪ জুন কংগ্রেসে অনুমোদিত যুক্তরাষ্ট্রের একক নিষেধাজ্ঞারও সমালোচনা করেছে রাশিয়া।
বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র সম্মিলিত প্রচেষ্টা উপেক্ষা করে নিজেদের মতো কাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১৪০ ঘ.
bdnews24