জাতিসংঘ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের দুটি ত্রাণবাহী জাহাজকে অবরুদ্ধ গাজায় যেতে দেওয়া হবে না বলে জাতিসংঘকে বৃহস্পতিবার হুঁশিয়ার করে দিয়েছে ইসরায়েল।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট নাইজেরিয়ার কূটনীতিক জোয় ওগাউ'র কাছে লেখা এক চিঠিতে এ হুঁশিয়ারি জানান ইসরায়েলি কূটনীতিক গ্যাবরিয়েল শালেভ।
জাতিসংঘে নিযুক্ত কূটনীতিক শালেভ তার চিঠিতে জানিয়েছেন, "এই মুহূর্তে জাহাজ দুটি পাঠানোর সুপরিকল্পিত লক্ষ্য হচ্ছে গাজার ওপর চলমান নৌঅবরোধ লঙ্ঘণ করা।"
ইসরায়েল স্থলপথে গাজায় আরো খাদ্য এবং অন্যান্য সহায়তা পাঠানোর অনুমতি দিচ্ছে কিন্তু নৌপথে অবরোধ চালিয়ে যাচ্ছে।
২০০৭ সাল হতে গাজা ফিলিস্তিন সামরিক গোষ্ঠী হামাসের নিয়ন্ত্রণে রয়েছে।
জাতিসংঘের কর্মকর্তারা ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং সবাইকে ধৈর্য্য ধারণের আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/বিসিএস/১২৪৮ঘ.
bdnews24