দালাত, ভিয়েতনাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনাম বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বএশিয়ার দেশগুলোর প্রতি পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদন খাতে ব্যবহারের আহ্বান জানিয়েছে।
এশিয়ায় অব্যাহত জ্বালানি চাহিদার পরিপ্রেক্ষিতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দঙ্গ অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসভুক্ত (আসিয়ান) রাষ্ট্রের জ্বালানি মন্ত্রীদের এক সভায় উদ্ভোধনী ভাষণে এ কথা বলেন।
নগুয়েন বলেন, জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রগুলোর উচিৎ, চাহিদা অনুযায়ী জ্বালানি উৎপাদন ও রূপান্তর, যোগাযোগ ব্যবস্থা এবং তেল-গ্যাস বণ্টনে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিকল্পনা ও জ্বালানি নীতি গ্রহণ করা।
আসিয়ানের সদস্যরাষ্ট্রের প্রতি, পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ বিকল্প জ্বালানির স্থায়ী উৎস হিসাবে গণ্য করার আহ্বান জানান নগুয়েন। পরমাণু জ্বালানি সীমিত কার্বন উৎপাদক বিধায় পরিবেশবান্ধব বলেও বিবেচিত।
দক্ষিণ-পূর্বএশিয়ার দেশগুলোতে পরমাণু শক্তি উৎপাদনে প্লান্ট স্থাপন ও এর ব্যবহারের বিষয়ে রাশিয়া সহযোগিতা করতে আগ্রহী। রাশিয়ার এই একটি প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই ভিয়েতনামের প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
১০ সদস্যবিশিষ্ট আসিয়ানের অনেক রাষ্ট্রই বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় পরমাণু শক্তি উৎপাদনের লক্ষ্যে প্লান্ট স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এরমধ্যে ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়াও রয়েছে।
চলতি সপ্তায় ধারাবাহিক আলোচনার লক্ষ্যে রাশিয়া, জাপান, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের শীর্ষ জ্বালানি কর্মকর্তারা এখন দালাতে অবস্থান করছেন।
বিদ্যু, তেল ও গ্যাস খাতে পারস্পরিক সহায়তার জন্য আসিয়ানভুক্ত অঞ্চলে একটি সমন্বিত বিদ্যুৎ গ্রিড ও গ্যাস পাইপলাইন স্থাপন করা যা কি না এ বিষয়ে গবেষণার ব্যাপারেও পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভিয়েতনাম প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪১ঘ.
bdnews24