পানমুনজোম, দক্ষিণ কোরিয়া, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়ার ওপর বুধবার নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞার লক্ষ্য উত্তর কোরিয়ার নেতারা। (আরো তথ্যসহ)
নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পাশপাশি উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা আবারো দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হামলা চালালে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে।
দক্ষিণ কোরিয়া তাদের যুদ্ধজাহাজ চেওনান ডুবানোর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করার পর থেকে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক ক্রমেই বৈরি হয়েছে। গত মার্চে উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে চেওনান ডুবে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক নিহত হয়। আন্তর্জাতিক তদন্তেও এ ঘটনার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, পিয়ংইয়ং 'ইতিবাচক সংকেত' দিলে ওয়াশিংটন উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় ফিরতে প্রস্তুত। কিন্তু উত্তর কোরিয়া এ পর্যন্ত কোনো 'ইতিবাচক সংকেত' দেয়নি।
সিউলে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারাসহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে হিলারি বলেন, যুক্তরাষ্ট্র খুবই সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগুচ্ছে। আর তা হচ্ছে, উত্তর কোরিয়ার নেতাদের এবং তাদের সম্পদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা। উত্তর কোরিয়ার সাধারণ জনগণ অতিরিক্ত এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে না।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে থাকা উত্তর কোরিয়ার জনগণ এ নিষেধাজ্ঞার লক্ষ্য নয়। বরং পিয়ংইয়ংয়ের অস্ত্র কেনা-বেচা এবং বিলাসবহুল পণ্য আমদানীর ওপর এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তাছাড়া, পরমাণু অস্ত্র বিস্তার রোধেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে উত্তর কোরিয়া ভবিষ্যতে আবার কোনো হামলা চালালে তাদেরকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন কর্মকর্তারা।
দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবানো নিয়ে দুই কোরিয়ার সংকটাপন্ন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর নতুন করে এ নিষেধাজ্ঞা আরোপ করছে। দক্ষিণ কোরিয়া সফরকালে এ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
উত্তর কোরিয়া ইতোমধ্যেই নানা নিষেধাজ্ঞায় জর্জরিত। কিন্তু যুক্তরাষ্ট্র দেশটিকে আরো কোণঠাসা করতে নতুন নিষেধাজ্ঞা আরোপে বদ্ধপরিকর বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬৩৭ ঘ.
bdnews24