ক্যাম্প ক্যাসে, দক্ষিণ কোরিয়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ারি বার্তা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্র মিত্র দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার পরিকল্পনা করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস মঙ্গলবার একথা জানিয়েছেন।
ওদিকে, উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র সামনে আরো অবরোধ আরোপ করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে দক্ষিণ কোরিয়া।
উত্তর কোরিয়ার টর্পেডোর আঘাতে দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজ চেওনান ডুবির অভিযোগের কারণে দুই কোরিয়ার মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এমন সময় তিনদিনের দক্ষিণ কোরিয়া সফরে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী গেটস।
সামরিক মহড়া প্রসঙ্গে তিনি বলেন, "আমাদের আন্তঃ-অভিযান ক্ষমতা ও প্রস্তুতি বাড়ানোর লক্ষ্যেই মহড়ার নকশা করা হয়েছে। উত্তর কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দেওয়াও এ মহড়ার উদ্দেশ্য।"
যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় ৪৬ জন দক্ষিণ কোরীয় নাবিক প্রাণ হারিয়েছে। দক্ষিণ কোরিয়া ও পশ্চিমা রাষ্ট্রগুলো জাহাজ ডুবির জন্য উত্তর কোরিয়াকে দায়ী করলেও বরাবরই পিয়ংইয়ং তা অস্বীকার করে আসছে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় অংশ নিতে গেটসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনেরও সিউল যাওয়ার কথা রয়েছে।
১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষে নির্মিত ডেমিলিটারাইসড জোন পরিদর্শনে যাওয়ার ও কথা রয়েছে এ দুই মার্কিন নেতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৩৮ ঘ.
bdnews24